২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর বারিধারার ৩ পয়েন্ট দাবি

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে টিম বিজেএমসি-উত্তর বারিধারা ক্লাবের মঙ্গলবারের ম্যাচটি হঠাৎ বাতিল করেছে বাফুফে। সুনির্দিষ্ট কোনো কারণ না দেখিয়ে বাফুফে এই ম্যাচটি বাতিল করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন বারিধারার কর্মকর্তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2014, 03:25 AM

Updated : 22 Aug 2022, 06:37 PM

ক্লাবটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ম্যাচটি হবে জেনে তাদের খেলোয়াড় ও কর্মকর্তারা নির্ধারিত সময়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। কিন্তু এক ঘণ্টা পর তাদের জানানো হয়, প্রতিপক্ষ বিজেএমসি আসতে পারবে না বলে ম্যাচটি হবে না।

বারিধারার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, বিষয়টা আমরা বাফুফে সভাপতিকে অবহিত করেছি। আশা করছি বাফুফে সঠিক সুরহা করবেন। আমরা নির্ধারিত সময়ে মাঠে এসেছি, তাই বাইলজ অনুযায়ী আমাদেরকে ৩ পয়েন্ট দিতে হবে।

“প্রতিপক্ষ মাঠে আসেনি বলে সেই দায়িত্ব তো আমরা নিতে পারি না। তাই নিয়ম অনুযায়ী আমাদেরকে জয়ী ঘোষণা করতে হবে। তাছাড়া আমরা আর্থিকভাবে যে ক্ষতির সম্মুক্ষীন হয়েছি তাও বাফুফেকে বহন করতে হবে।”

বারিধারা ক্লাবের চিঠি পেয়েছেন জানিয়ে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, "পেশাদার লিগ কমিটি বসে এ ব্যপারে পরে সিদ্ধান্ত নেবে। আর সিদ্ধান্তটা বাইলজের বিধি অনুযায়ীই হবে।"

হঠাৎ ম্যাচ বাতিল প্রসঙ্গে তিনি বলেন, "বিজেএমসি ক্লাবের সমস্যা ছিল বলে খেলোয়াড়রা মাঠে আসতে পারেননি। তাই আমরা মঙ্গলবারের খেলা বাতিল করেছি, শুক্রবার হবে এই ম্যাচটি।”

এদিকে বিকেলে মতিঝিলে বাফুফে ভবনের সামনে বারিধারার খেলোয়াড় ও কর্মকর্তারা তিন পয়েন্টোর দাবিতে মানবন্ধন করেন।