২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেলজিয়ামের সামনে আত্মবিশ্বাসী যুক্তরাষ্ট্র

বিশ্লেষক-বাজিকরদের পছন্দের তালিকায় উপরের দিকে আছে একটি দল। প্রথাগত পরাশক্তিদের বাইরে কেউ যদি এবারের বিশ্বকাপ জিততে পারে, তাহলে এই দলটিই পারবে বলে তাদের রায়। টুর্নামেন্ট শুরুর আগের বাজির দরে এমনি এমনি তো আর বেলজিয়াম পঞ্চমে ছিল না!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2014, 03:57 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

অন্য দলের অমন কোনো সম্ভাবনা দেখছেন না প্রায় কেউই। নিজেদের কথা অবশ্য আলাদা। কেননা গ্রুপ পর্ব পেরোনোর পর থেকে তাদের স্বপ্নের আকাশটা বিশাল। এমনকি ট্রফি জয়ের রামধনুও আঁকা হচ্ছে সেখানে! নইলে কেন খেলোয়াড়দের পরিবার-সদস্যদের দেশের ফিরতি টিকেটের তারিখ বদলে সেটি টুর্নামেন্ট শেষ হওয়ার পরে নিয়ে যাওয়ার নির্দেশনা দেবেন কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান।

সালভাদরের আরেনা ফন্তে নোভায় দেখা হয়ে যাচ্ছে দল দুটির। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দুটায় শুরু হওয়া দ্বিতীয় রাউন্ডের এই ম্যাচে শেষ হয়ে যাবে এক দলের ব্রাজিল অভিযান। হয়তো বেলজিয়ামকে নিয়ে উচ্চাশা গিলে নিতে বাধ্য হবেন বিশ্লেষক-বাজিকররা। নয়তো যুক্তরাষ্ট্রের খেলোয়াড়দের পরিবারকে দেশে ফেরার টিকেটের তারিখ বদলাতে হবে আরেক দফা।

তিন খেলায় তিনটিতেই জয়, পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া- মনে হতে পারে প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে এগোচ্ছে বেলজিয়ামের বিশ্বকাপ-কুচকাওয়াজ। আসলে কিন্তু তা নয়। আলজেরিয়া, রাশিয়া, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে কখনোই তাদের ভেতর যে দেখা যায়নি বিশ্বজয়ের ছায়া! বরং এক রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে এসেছে তাদের জয়গুলো। তিন খেলাতেই গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে অন্তত ৭০ মিনিট পর্যন্ত। এডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকু, কেভিন ডি ব্রুইন, মারুয়ান ফেলাইনিদের দলের কাছ থেকে এর চেয়ে অনেক ভালো খেলা প্রত্যাশিত ছিল পক্ষ-নিরপেক্ষ দর্শকদের।

কোচ মার্ক উইলমটসের তাতে থোড়াই কেয়ার! সামর্থ্য থাকার পরও বেলজিয়াম সুন্দর ফুটবল খেলতে পারছে না বলে বিশ্লেষকরদের হা-পিত্যেশের ঝাঁঝালো জবাব দিয়েছেন কোচ, “সুন্দর ফুটবলের মানে আসলে কী? অমন খেলে প্রথম রাউন্ড থেকে বাদ হয়ে যাওয়া আর ১-০ গোলে জিতে জিতে নকআউট পর্বে ওঠার মধ্যে একটি বেছে নিতে হলে আমি পরেরটিই নেব। দর্শকদের হাততালির জন্য আমরা খেলছি না। খেলছি প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা ও নিজেদের শারীরিক ফিটনেস বিবেচনায় নিয়ে।” সে বিবেচনায় দ্বিতীয় রাউন্ডে যে ধুন্ধুমার লড়াই হবে, এ নিয়ে সন্দেহ নেই বেলজিয়াম কোচের, “শারীরিকভাবে যুক্তরাষ্ট্র খুব শক্তিশালী। আমরা তাই যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছি।”

সেই প্রস্তুতি প্রতিপক্ষ ক্যাম্পেও। টুর্নামেন্ট শুরুর আগে যাদের নিয়ে আশা করার লোক খুব বেশি ছিল না, দ্বিতীয় রাউন্ডে ওঠার পর সেই যুক্তরাষ্ট্র এখন প্রবল আত্মবিশ্বাসী। হবে না কেন! তিন বারের চ্যাম্পিয়ন জার্মানি, ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগাল আর গতবারের কোয়ার্টার-ফাইনালিস্ট ঘানার গ্রুপ থেকে থেকে নকআউট পর্বে আসাটা যে বিরাট অর্জন! কোচ ইয়ুর্গেন ক্লিন্সমানের দৃষ্টি তাই প্রসারিত আরেকটি জয়ের দিকে, “আমরা বেলজিয়ামের উপর ঝাঁপিয়ে পড়ব। ওদের হারানোর মতো যথেষ্ট আত্মবিশ্বাস আমাদের আছে। তবে আমরা এও জানি, সেজন্য সর্বস্ব নিংড়ে দিতে হবে।”

মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বেলজিয়ান শিবিরে একটাই - চোটের কারণে অধিনায়ক ভিনসেন্ট কম্পানি ও টমাস ভারমিউলেনকে না পাওয়ার আশঙ্কা। প্রথম জনের কুঁচকির সমস্যা আর দ্বিতীয় জনের পায়ের পেশিতে টান পড়ায় খেলাটা অনিশ্চিত। অবশ্য তাদের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষার ঘোষণা এরই মধ্যে দিয়ে রেখেছেন কোচ। সর্বশেষ ম্যাচে লাল কার্ড পাওয়ায় স্টিভেন ডিফো থাকছেন না।

তবে ফরোয়ার্ড পজিশন নিয়ে উইলমটস কী করেন, সেটি নিয়ে কৌতুহল সবার। ফর্মে না থাকা লুকাকুর উপর ভরসা রাখবেন নাকি দিভোক ওরিগিকে দেবেন সুযোগ?

যুক্তরাষ্ট্রের কোচ ক্লিন্সমানেরও একাদশ নিয়ে কিছু সিদ্ধান্তের ব্যাপার-স্যাপার আছে। প্রথম ম্যাচে মাত্র ২৩ মিনিট খেলে ইনজুরির কারণে বেরিয়ে যাওয়া জোজি আল্টিডোর গত সপ্তাহ থেকেই অনুশীলন করছেন পুরোদমে। তাকে একাদশে ফিরিয়ে ক্লিন্ট ডেম্পসিকে একটু পিছিয়ে নেওয়ার সম্ভাবনা তাই থাকছে।

শেষ পর্যন্ত যারাই খেলুন, শেষ পর্যন্ত ম্যাচে বিজয়ী হবে কিন্তু একটি দলই। দুই দলের জন্যই ট্রফি জয়ের আশা নিশ্চিতভাবে বাড়াবাড়ি। তবে ১৯৩০ সালে যুক্তরাষ্ট্র ও ১৯৮৬ আসরে বেলজিয়াম নিজেদের সর্বোচ্চ বিশ্বকাপ সাফল্যে যে সেমি-ফাইনাল পর্যন্ত উঠেছিল, সেটির পুনরাবৃত্তি স্বপ্নই দেখছে তারা।