'ফ্রান্সের সামনে আরো কঠিন পরীক্ষা'
প্রথম দুই ম্যাচে আট গোল করা ফ্রান্সের আক্রমণভাগকে গত বুধবার কঠিন পরীক্ষায় ফেলেছিল ইকুয়েডরের রক্ষণ। ওই পরীক্ষায় পাস করতে পারেনি তারা। স্ট্রাইকার করিম বেনজেমার বিশ্বাস, তাদের সামনে আরেকটি কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।
আগামী সোমবার ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়ায় নাইজেরিয়ার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে ফ্রান্স।
গ্রুপ পর্বের প্রথম দুই রাউন্ডে হন্ডুরাসকে ৩-০ এবং সুইজারল্যান্ডকে ৫-২ গোলে উড়িয়ে দেয়া ফ্রান্স ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করে।
প্রথম দুই ম্যাচে দলের মতো ব্যাক্তিগতভাবে সফল ছিলেন বেনজেমাও। হন্ডুরাসের বিপক্ষে ২টি ও সুইসদের বিপক্ষে ১টি গোল করেন তিনি। কিন্তু ইকুয়েডরের বিপক্ষে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি রিয়াল মাদ্রিদের এই খেলোয়াড়।
ইকুয়েডরের বিপক্ষে ওই ম্যাচের সঙ্গে তুলনা করে পরের ম্যাচ সম্পর্কে বেনজেমা বলেন, “এখন আমাদের বিশ্রাম নিতে হবে এবং নাইজেরিয়ার বিপক্ষে নকআউট পর্বের ম্যাচের জন্য শতভাগ প্রস্তুত হয়ে উঠতে হবে।”
আফ্রিকার চ্যাম্পিয়ন নাইজেরিয়ার সম্পর্কে বেনজেমা বলেন, “ওরা ভালো শক্তিশালী দল কিন্তু জয়ের জন্য আমাদের সবকিছু করতে হবে।”
