বাংলাদেশের হকিতে সম্ভাবনা দেখছেন কিনান
বাংলাদেশের হকির ভবিষ্যৎ উজ্জ্বল বলে মনে করেন আন্তর্জাতিক হকি ফেডারেশনের হাই পারফর্ম্যান্স কোচ মিশেল কিনান।
গত শনিবার এক সপ্তাহের জন্য ঢাকায় আসা কিনান বাংলাদেশ জাতীয় দল এবং কয়েকটি বয়স ভিত্তিক দলের সঙ্গে কাজ করেছেন। একটি কোচেস কোর্সও করিয়েছেন তিনি।
শনিবার দেশে ফিরে যাবেন বেলজিয়ামের এই কোচ। তার আগের দিন মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “তৃণমূল পর্যায় থেকে জাতীয় দল পর্যন্ত দেখেছি, বাংলাদেশের হকিতে অনেক সম্ভবনা রয়েছে। সঠিক পরিকল্পনা ও পরিচর্যা হলে বাংলাদেশের হকি অনেকদূর যাবে।”
বাংলাদেশের বর্তমান জাতীয় দল নিয়েও আশাবাদী কিনান।
“আমি তিন দিন কাজ করেছি এই দলটির সঙ্গে। দলটি তারুণ্য নির্ভর। বেশ কয়েকজন মেধাবী খেলোয়াড় আছে, সঠিক নির্দেশনা পেলে তারা ভালো করবে। ইনচন এশিয়ান গেমস নিয়ে তাদের পরিকল্পনায় আমার বিশ্বাস, তারা খারাপ করবে না।”
“তবে খেলোয়াড়দের রক্ষণ সামলানোর কৌশল নিয়ে আমি কিছু পরামর্শ দিয়েছি। আশা করছি এতে তারা উপকৃত হবে।”
শুধু জাতীয় দল নয়, বাংলাদেশে বেশ কয়েকজন মেধাবী কোচ উঠে আসছেন বলে জানান আন্তর্জাতিক হকি ফেডারেশনের এই কোচ।
“একজন ভালো কোচ পারেন একটা দলকে অনেকদূর নিয়ে যেতে। সে কারণে প্রত্যেকটি ফেডারেশনেরই উচিত ভালো কোচ তৈরি করা। বাংলাদেশের যেসব নতুন কোচ আসছেন তারা ভবিষ্যতে ভালো করবেন বলে আমার বিশ্বাস।”
