২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টাইনরা আসছে

কেউ গাড়িতে, কেউ বাসে, কেউ আবার বিমানে-যেভাবে পারছে, সীমান্ত পেরিয়ে পোর্তো আলেগ্রেতে ঢুকছে। আর্জেন্টিনার হাজার হাজার মানুষের পোর্তো আলেগ্রেতে যাওয়ার কারণ একটাই-বুধবার ব্রাজিলের এই শহরেই গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-নাইজেরিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2014, 09:28 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

ব্রাজিলের মানুষ তো আছেই, বিশ্বকাপ উপলক্ষে রিও গ্রান্দে দো সুলের সীমানা অতিক্রম করে এসেছে উরুগুয়ের মানুষও। এদের সঙ্গে হাজারে হাজার আর্জেন্টিনার মানুষ যোগ হয়ে গাউচো সংস্কৃতির এক মিলন মেলার অপেক্ষায় আছে পোর্তো আলেগ্রে।

দক্ষিণ আমেরিকার নিচু ভূমির বাসিন্দাদের গাউচো বলা হয়। ব্রাজিলের দক্ষিণ অংশ আর উরুগুয়ে, আর্জেন্টিনা, প্যারাগুয়ের কিছু অংশ এই এলাকার মধ্যে পড়েছে। অনেক আগে গাউচো সীমান্তে ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ের মধ্যে সীমান্ত যুদ্ধ হয়েছে।

যুদ্ধের সেই বিদ্বেষের কথা অনেক আগেই ভুলে গেছে তারা। বিভিন্ন উপলক্ষে সবাই মিলে আনন্দে মেতে ওঠে গাউচোরা। সীমানার বিভেদ ভুলে গাউচোদের আবার মহামিলনের উপলক্ষ এনে দিয়েছে বিশ্বকাপ আর পোর্তো আলেগ্রেতে আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ।

৪৮ হাজার ৮৪৯ ধারণক্ষমতার পোর্তো আলেগ্রের বেইরা রিও স্টেডিয়ামে আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের জন্য আর্জেন্টিনার ১৮ হাজার সমর্থক টিকেট কিনেছে। তবে ফিফা ধারণা করছে আর্জেন্টিনা থেকে কমপক্ষে ৫৪ হাজার মানুষ পোর্তো আলেগ্রেতে যাবে। আর স্থানীয় লোকেরা বলছে সংখ্যাটা লাখের কাছাকাছি যাবে।

পোর্তো আলেগ্রের বাজারে ফুটবল স্মারক বিক্রেতা চার্লস মুলার এটিকে দেখছেন বিরাট আনন্দের বিষয় হিসেবে।

"এটা আমাদের জন্য বড় একটা বিষয়। আর্জেন্টিনার মানুষদের স্বাগতম এখানে। এটা গাউচো উৎসবের মতোই হবে।"

পোর্তো আলেগ্রের মানুষের কাছে তাদের পরিচয় আগে গাউচো পরে ব্রাজিলিয়ান। একই সংস্কৃতির সীমান্তের ওপারের মানুষদের সঙ্গে আনন্দে মেতে ওঠার অপেক্ষায় আছেন মুলাররা।

একটি শঙ্কাও অবশ্য আছে, গাউচোদের সঙ্গে পোর্তো আলেগ্রেতে ঢুকছে আর্জেন্টিনার কিছু ফুটবল দাঙ্গাবাজ। তারা না আবার উৎসবের আমেজটাতে জল ঢেলে দেয়!