ফ্রেদেই ব্রাজিলের আস্থা
বিশ্বকাপে ফ্রেদ এখন পর্যন্ত জ্বলে না উঠতে পারলেও তার উপরই আস্থা রাখছে ব্রাজিল। তাছাড়া ক্যামেরুনের বিপক্ষে চোট কাটিয়ে ফিরতে পারেন ফরোয়ার্ড হাল্ক।
হাল্ক হাল্ক
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিল ৩-১ গোলে জিতলেও ফ্রেদ ছিলেন নিষ্প্রভ; মেক্সিকোর বিপক্ষেও তাই। ম্যাচটি গোলশূন্য ড্র করে টুর্নামেন্টের স্বাগতিকরা।
পরপর দুই ম্যাচে ফ্রেদের অমন হতাশাজনক পারফর্ম্যান্সের পর চারিদিকে তাকে ঘিরে সমালোচনা শুরু হয়েছে। তবে ব্রাজিলের অধিনায়ক চিয়াগো সিলভার অভিমত ভিন্ন।
“আমাদের দলে ফ্রেদ এখনও গুরুত্বপূর্ণ খেলোয়াড় আর প্রতি ম্যাচে তাকে গোল করতে হবে না।”
সিলভার মতে, দলের সঙ্গে ম্যাচে অংশ নেয়াটাই ফ্রেদের মূল দায়িত্ব। ফ্রেদ নিজে গোল না করলেও নেইমার ও দলের অন্যান্য খেলোয়াড়দেরকে যদি গোল করার সুযোগ করে দিতে পারে, তাহলেও আমরা খুশি।
গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে প্রথম ম্যাচের একাদশকেই মাঠে নামানোর ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলের কোচ লুইস ফেলিপে স্কলারি।
‘বিগ ফিল’ নামে পরিচিত স্কলারি বলেন, “প্রথম ম্যাচে খেলা প্রথম একাদশ নিয়েই আমি (ক্যামেরুনের বিপক্ষে) শুরু করবো। তবে পারফর্ম্যান্সের উপর নির্ভর করে আমি কিছু পরিবর্তনও আনতে পারি।”
তবে এখন পর্যন্ত নকআউট পর্বের টিকেট না পাওয়ায় সোমবার ক্যামেরুনের বিপক্ষে খুব সতর্ক থাকার কথা বললেন স্কলারি।
অন্য কারো উপর নির্ভর না করে দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে ক্যামেরুনের বিপক্ষে জিততেই হবে ব্রাজিলকে।
