২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তবুও আত্মবিশ্বাসী রাশিয়ার কোচ

দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট, তবুও বিশ্বকাপের শেষ ষোলোর স্বপ্ন দেখছেন রাশিয়ার কোচ ফাবিও কাপেল্লো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 02:13 AM

Updated : 22 Aug 2022, 06:34 PM

রোববার 'এইচ' গ্রুপের খেলায় ৮৮তম মিনিটে দিভোক অরিগির গোলে বেলজিয়ামের কাছে ১-০ গোলে হারের পর রাশিয়ার দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথ কঠিন হয়ে গেছে।

রাশিয়ার এই কোচ মনে করেন এখনো দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ রয়েছে তাদের। "আমি এখনো বিশ্বাস করি (দ্বিতীয় রাউন্ডে যেতে পারি), অবশ্যই আমি বিশ্বাস করি।"

বেলজিয়াম-রাশিয়ার ম্যাচ দেখে দর্শকরা মাঠেই তাদের হতাশা প্রকাশ করেন। তবে তাদের এই সমালোচনা ন্যায্য মনে হচ্ছে না কাপেল্লোর।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কাপেল্লো বলেন, "সত্যি বলতে কী, দলের পারফর্ম্যান্সে আমি খুশি। ফলাফল ন্যায্য হয়নি, তবে বাস্তবতা হচ্ছে আমরা হেরেছি। আমাদেরও জেতার সুযোগ ছিল। দুই দলই জেতার চেষ্টা করেছে। এটা চমৎকার একটি ব্যাপার, দুর্ভাগ্যজনকভাবে কাজটা ওরা করতে পেরেছে।"

রাশিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে বেলজিয়াম। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোয় যাওয়ার লড়াইয়ে রাশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী আলজেরিয়া ও দক্ষিণ কোরিয়া।

আগামী বৃহস্পতিবার গ্রুপের শেষ রাউন্ডে আলজেরিয়ার বিপক্ষে খেলবে রাশিয়া।