২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিসংখ্যান মিছে করার দায় রোনালদোর

বিশ্বকাপে খেলা নিজেদের সর্বশেষ আট ম্যাচের মধ্যে কেবল একটিতে জিতেছে পর্তুগাল। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ২০০২ আসরের গ্রুপ পর্বে ৩-২ গোলে হেরেছিল তারা। বিশ্বকাপে ক্রিস্তিয়ানো রোনালদো এখন পর্যন্ত গোলমুখে শট নিয়েছেন ৫৫টি, যেখান থেকে হয়েছে মোটে দুই গোল। চলতি বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে ২-১ গোলে জিতেছে যুক্তরাষ্ট্র, ০-৪ ব্যবধানে হেরেছে পর্তুগাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 07:08 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

পরিসংখ্যানের পাতা থেকে বিচ্ছিন্ন এই চারটি রেকর্ডকে এক সুতোয় গাঁথলে দাঁড়াচ্ছে কী? বাংলাদেশ সময় সোমবার ভোর চারটায় মানাউসে শুরু হওয়া ম্যাচটিতে 'ফেভারিট' যুক্তরাষ্ট্র! সেখানে না পারবে পর্তুগাল জিততে, না পারবেন ক্রিস্তিয়ানো রোনালদো গোল দিতে!

কিন্তু পরিসংখ্যানের পাতায় তো আর লেখা নেই আহত-পর্তুগালের কথা; অহংয়ে খোঁচা লাগা বিশ্বসেরা ফুটবলারের শ্রেষ্ঠত্ব প্রমাণের দায়ের কথা। যে কারণে অতীত যেমনই হোক, যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে ফেভারিট পর্তুগালই। তীব্র উজ্জ্বলতায় জ্বলে প্রতিপক্ষকে জ্বালিয়ে দেওয়ায় বাজির পাল্লা রোনালদোর দিকেই হেলে। অবশ্য যদি ক্রিস্তিয়ানো রোনালদো আদৌ যদি খেলতে পারেন!

চোটের অদ্ভুত এক ঘেরাটোপে পড়ে গেছেন ফিফা-ব্যালন ডি’অর জয়ী। রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব মৌসুমের শেষ দিকে হাঁটুর এই ইনজুরিতে পড়েন। এরপর থেকে শতভাগ 'ফিটনেস' ফিরে পাননি কখনো। ঠিকঠাক পরিচর্চা না করে দ্রুত বারবার মাঠে ফেরায় রোনালদোর চোট পুরোপুরি সেরে ওঠেনি আর।

বিশ্বকাপের প্রথম ম্যাচে জার্মানির বিপক্ষেও খেলেছেন তিনি পূর্ণ 'ফিট' না হয়ে। এরপর দলের ট্রেনিংয়ে ছিলেন না নিয়মিত। বরং ইনজুরি নিয়ে খেলে গেলে রোনালদোর ক্যারিয়ারই হুমকির মুখে পড়বে বলে মিডিয়ায় খবর ছিল। কিন্তু জার্মানির কাছে ০-৪ গোলে বিধ্বস্ত হওয়ার পর পর্তুগালের বিশ্বকাপ-অভিযানই যখন হুমকির মুখে, তখন কী আর অধিনায়ক বসে থাকবেন! যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাঁর মাঠে নামার সম্ভাবনা তাই প্রবল। পূর্ণ 'ফিট' না হয়ে, হাফ 'ফিট' হয়ে হলেও!

পর্তুগিজ কোচ পাওলো বেনতোর দুশ্চিন্তার রাজ্যে শুধু রোনালদো নেই। নিয়মিত একাদশের আরো কয়েকজনকে না পাওয়ায় তার কপালের ভাঁজ বাড়ছে ক্রমশ। ইনজুরির কারণে লেফট ব্যাক ফাবিও কোয়েন্ত্রো নেই। থাকার সম্ভাবনা কম ফরোয়ার্ড হুগো আলমেইদারও। আর জার্মানির বিপক্ষে লাল কার্ডের কারণে বহিষ্কারাদেশের খড়গ সেন্ট্রাল ডিফেন্ডার পেপের উপর। নিয়মিত একাদশের তিন জনকে বদলি করতে হলে কোচের দুশ্চিন্তা হয় বৈ কি!

বিপরীতে বিস্ময়কররকম স্বস্তিতে যুক্তরাষ্ট্র। হ্যাঁ, ফরোয়ার্ড জোজি আলটিডোর ইনজুরির কারণে খেলতে পারছেন না। কিন্তু তিনি তো আর রোনালদো-পেপে-কোয়েন্ত্রো নন। আলটিডোরের জন্য হা-হুতাশের পরিবর্তে ঘানার বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের আত্মবিশ্বাস তাই উড়ে বেড়াচ্ছে যুক্তরাষ্ট্র ক্যাম্পে। আর ২০০২ বিশ্বকাপের ইতিহাসটাও নিশ্চয়ই প্রেরণার মন্ত্র হিসেবে শিষ্যদের মনে করিয়ে দিয়েছেন কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান। যেখানে লুই ফিগো-রুই কস্তাদের সোনালী প্রজন্মকে ৩-২ গোলে হারিয়েছিলেন যুক্তরাষ্ট্র। কোচ ক্লিন্সমানের ভয় কেবল একটিই, আর সেটি প্রকাশ্যে বলতেও দ্বিধা নেই তাঁর, “মানাউসে পর্তুগাল আসছে ক্রুদ্ধ হয়ে। আর আমি ঠিক জানি না, ক্রুদ্ধ রোনালদো কিভাবে পারফর্ম করে।”

এই ‘ক্রুদ্ধ’ রোনালদোই হয়ে যেতে পারেন পর্তুগাল-যুক্তরাষ্ট্র ম্যাচের নির্ণায়ক। আর তার গর্জনে হাস্যকর হয়ে যেতে পারে শুরুতে বলা সব রেকর্ড-পরিসংখ্যান!