২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাচদের থামাতে পারবে সকারুরা?

ম্যাচের 'ফেভারিট' ঠিক হয়ে যায় মাস ছয়েক আগেই, বিশ্বকাপের ড্র হওয়ার সঙ্গে সঙ্গে। ১৯ জুন পোর্তো আলেগ্রের বেইরা রিও স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের দ্বৈরথে অস্ট্রেলিয়ার বিপক্ষে নেদারল্যান্ডসের জয়টা যে তখন থেকেই এক রকম নিয়তি নির্ধারিত!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2014, 06:17 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে যখন এই অবস্থা ছিল, পরষ্পরের মুখোমুখি হওয়ার ঠিক আগে আগে অবস্থাটা কেমন? নিজেদের প্রথম ম্যাচে স্পেনকে ৫-১ গোলে নেদারল্যান্ডস উড়িয়ে দেবার পর এবং চিলির কাছে অস্ট্রেলিয়া ১-৩ ব্যবধানে উড়ে যাবার পর?

বাংলাদেশ সময় বৃহষ্পতিবার রাত দশটায় শুরু হওয়া এই ম্যাচে ‘সকারু’দের পক্ষে বাজি লাগতে হলে পাঁড় জুয়াড়ি হতে হবে।

তার মানে এই নয়, নেদারল্যান্ডস জিতবেই জিতবে। ফুটবলে অমন নিশ্চয়তা দেওয়া যায় না। কে ভেবেছিল, বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে ওভাবে উড়িয়ে দেবে ডাচরা! কিংবা মেক্সিকো গোলরক্ষকের প্রতিরোধে কোনো গোলই করতে পারবে না ব্রাজিল! এসব কারণে নেদারল্যান্ডসের বিপক্ষে হারার আগে হারছে না অস্ট্রেলিয়া। আর চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচের প্রেরণা যদি ডাচদের থাকে, তাহলে ইতিহাসের উজ্জীবনী তো ‘সকারু’দেরও কম নেই। বিস্ময়কর হলেও সত্য, এর আগের মুখোমুখি তিন লড়াইয়ের মধ্যে কোন জয় নেই ‘অরেঞ্জ’দের। দুটি ড্রয়ের পাশাপাশি অস্ট্রেলিয়ার কাছে অন্য ম্যাচটি হেরেছে তারা!

বিশ্বকাপের বিশ্বমঞ্চে তাহলে ওই সাফল্যের পুনরাবৃত্তির স্বপ্ন কেন দেখবে না অস্ট্রেলিয়া!

স্বপ্ন দেখা পর্যন্ত ঠিক আছে, তবে ম্যাচ আবহের বিশ্লেষণে ওই স্বপ্নের পালে হাওয়া লাগানো কঠিন। কারণটা অনুমেয়। স্পেনের বিপক্ষে যে দুরন্ত নেদারল্যান্ডসকে দেখা গেছে, তাতে যে তারা ট্রফি জয়েরই অন্যতম দাবিদার হয়ে উঠেছে! রবিন ফন পের্সি, আরিয়েন রবেনদের প্রতিশোধের আগুনে যেখানে জ্বলে পুড়ে ছাড়খার বিশ্বচ্যাম্পিয়নরা, সেখানে অস্ট্রেলিয়া কোন ছার!

বিচ্ছিন্ন এমন ঝলক কিন্তু অতীতেও নানা টুর্নামেন্টে দেখিয়েছে ডাচরা। কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় ওড়ানো হয়নি চূড়ান্ত বিজয় নিশান। সে কারণেই কিনা, এবার বেশ রয়ে সয়ে এগোতে চায় নেদারল্যান্ডস।

অধিনায়ক রবিন ফন পের্সির কণ্ঠে তাই সতর্কতা, ‘বিশ্বকাপের বিস্ময়কর শুরু হল আমাদের। প্রথম ম্যাচের পারফরম্যান্স দিয়ে আমরা অনেক লোকের মুখে হাসি ফোটাতে পেরেছি। এখন মনোযোগ দিচ্ছি অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে। স্পেন ম্যাচের চেয়ে সেটি হবে পুরোপুরি ভিন্ন। ওদের খেলার ধরন আলাদা। সকারুদের হারাতে হলে আমাদের খেলার ধরনেও তাই কিছু অদল-বদল করতে হবে।’ তা সেই অদল-বদলে কোচ লুই ফন গাল যে ভীষণ দক্ষ, এরই মধ্যে প্রমাণ রেখেছেন তিনি। বিশ্বকাপ বাছাইপর্বের পুরোটা সময় দলকে তিনি খেলিয়েছেন ৪-৩-৩ ফর্মেশনে। কিন্তু দলের গুরুত্বপূর্ণ স্তম্ভ কেফিন স্ট্রুটমান ইনজুরির কারণে ছিটকে গেলে পরিবর্তনের পথে হাঁটেন ডাচ কোচ। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে আগে ফর্মেশন বদলে দলকে খেলান ৫-৩-২ ছকে। ফন হালের ওই মাস্টারস্ট্রোকেই তো উড়ে গেল স্পেন! অস্ট্রেলিয়ার বিপক্ষে আরেক দফা খেলার ধরন একটু এদিক-ওদিক করলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসীই থাকবে নেদারল্যান্ডস।

আত্মবিশ্বাস কম নেই সকারুদেরও। চিলির কাছে প্রথম ম্যাচ তারা হেরেছে বটে, কিন্তু সেটি একেবারে একতরফা ছিল না। সেখান থেকে প্রেরণা নিয়ে ডাচদের মুখোমুখি হওয়ার প্রত্যয় অস্ট্রেলিয়ার ফরোয়ার্ড ম্যাথু লেকির, ‘চিলির বিপক্ষে প্রথম ৭০ মিনিট যেমনটা খেলেছি, নেদারল্যান্ডসের বিপক্ষে অমনভাবে খেলতে চাইব। চিলি বিশ্বমানের দল, তবু আমাদের সামলাতে কখনো-সখনো ওদের বেশ ঝামেলা হয়েছে। আমরা যদি তাই নিজেদের খেলাটা খেলতে পারি, তাহলে যে কোনো দলকে সমস্যায় ফেলার সামর্থ্য আছে।’

ধরা যাক, অস্ট্রেলিয়া তাদের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে খেললো। অন্য দিকে সামর্থ্যের পূর্ণ প্রকাশে উদ্ভাসিত হল নেদারল্যান্ডসও। তাহলে? লেকি যাই বলুন না কেন, গ্রুপ ‘বি’-র আরো একটি একতরফা ম্যাচ তখন মঞ্চস্থ হবে পোর্তো আলেগ্রেতে।