২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ইংল্যান্ডের বিপক্ষে উরুগুয়ের ফাইনাল'

হয় জেতো, নয় মরো; গ্রুপ পর্বে ইংল্যান্ড-উরুগুয়ে ম্যাচটি সত্যিকার অর্থেই এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। উরুগুয়ে কোচ অস্কার তাবারেস তো এই ম্যাচকে 'ফাইনাল' বলেই আখ্যা দিয়েছেন। আর গুরুত্বপূর্ণ এই ম্যাচে তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেসের খেলার সম্ভাবনা আছে বলে তিনি জানান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2014, 09:33 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

সাও পাওলোতে আগামী বৃহস্পতিবারের ম্যাচটি ইংল্যান্ড-উরুগুয়ের বাঁচা-মরার লড়াই। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হেরে গেছে দুটি দলই। এই ম্যাচে হারলে নকআউটে ওঠার সম্ভাবনা আর থাকবে না বললেই চলে।

নিজেদের প্রথম ম্যাচে ভালো খেলেও কোস্টা রিকার বিপক্ষে হেরে যাওয়ার  বিষয়টি উল্লেখ করে ইংল্যান্ড ম্যাচ নিয়ে কথা বলেন তাবারেস।

"এটা ফাইনাল এবং আমাদের জয় প্রয়োজন।"

হাঁটুর চোট কাটিয়ে ফিরলেও কোস্টা রিকার বিপক্ষে মাঠে নামেননি উরুগুয়ের সবচেয়ে কড় তারকা সুয়ারেস। তবে ইংল্যান্ডের বিপক্ষে তার খেলার সম্ভাবনা উড়িয়ে দেননি তাবারেস।

"ওর খেলার সম্ভাবনা আছে, আমি এর চেয়ে বেশি কিছু বলব না।"

ইংল্যান্ডের বিপক্ষে জিতলেও শেষ ষোলোতে যেতে হলে গ্রুপ পর্বেই আরেকটি 'ফাইনালের' মুখোমুখি হতে হবে উরুগুয়েকে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটা তারা খেলবে চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে।

পর পর দুটি বড় ম্যাচে জয়ের কাজটা মোটেই সহজ নয়। এটা জানেন উরুগুয়ের অধিনায়ক দিয়েগো লুগানোও। তবে তিনি এখনো শেষ ষোলোতে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী।

"আগেই কাজটা কঠিন ছিল, এখন আরো কঠিন। তবে অসম্ভব নয়। এটা নির্ভর করবে আমরা কতটা ফিরে আসতে পারি তার ওপর।"