হতাশ মোহামেডানের পর্তুগিজ কোচ
বিশ্বসেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো ছাড়াও ছিলেন তার দুই ক্লাব সঙ্গী পেপে, ফাবিও কোয়েন্ত্রাও এবং ম্যানচেস্টার ইউনাইটেডের নানি। তারপরও জার্মানির বিপক্ষে বিশ্বকাপ অভিযানের শুরুতেই পর্তুগালের এমন ভরাডুবি হবে, অন্যদের মতো সেটা ভাবতে পারেননি মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পর্তুগালের কোচ রুই জোসে কাপেলা বাতিস্তাও।
কাপেলা বাতিস্তা ভাবতেও পারেননি, তার দেশ এতোটা খারাপ খেলবে। অন্য সবার মতো তারও বিশ্বাস ছিল, রোনালদোর নেতৃত্বে পর্তুগিজ দলটি দারুণ কিছু করে দেখাবে।
সোমবার রাতে ‘জি’ গ্রুপের ম্যাচে টমাস মুলারের হ্যাটট্রিকে জার্মানি ৪-০ গোলে উড়িয়ে দেয় পর্তুগালকে। টিভির পর্দায় নিজ দেশের খেলোয়াড়দের এমন হতশ্রী ফুটবল দেখে হতাশ কাপেলো বাতিস্তা।
মঙ্গলবার এই পর্তুগিজ কোচ বলেন, “আমি ভেবেছিলাম ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ন হবে। কিন্তু দেখেছি তার উল্টো। রোনালদোরা এতোটা খারাপ খেলবে তা মোটেও ভাবিনি আমি। মূলত জার্মানির গতিময় ফুটবলের কাছে পরাস্ত হয়েছে পর্তুগাল।”
সালভাদরের আরেনা ফন্তে নোভায় ইওয়াখিম লোর দলের সামনে রীতিমত অসহায় ছিল পর্তুগাল। ১২তম মিনিটে পিছিয়ে পড়ার ২৫ মিনিট পর পাওলো বেন্তার দলের জন্য বড় আঘাত হয়ে আসে পেপের লাল কার্ড। মুলারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ায় রিয়াল মাদ্রিদের মেজাজী এই ডিফেন্ডারকে বহিষ্কার করেন রেফারি।
বাকি সময়টা তাই একজন কম নিয়ে খেলতে হয় পর্তুগালকে। আর এটাকেই পর্তুগালের হারের অন্যতম কারণ বলে মনে করেন মোহামেডানের কোচ বাতিস্তা।
“পেপে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়ার পর থেকেই মূলত ম্যাচটি একপেশে হয়ে যায়। সুযোগ কাজে লাগিয়ে জার্মানি ভালোভাবে চেপে বসে। দশজনের দল নিয়ে এতোটা শক্তিশালী দলকে আটকানো আসলেই কঠিন।”
রোনালদোর খেলা দেখেও হতাশ বাতিস্তা।“রোনালদো ভালো খেললে পুরো দল উজ্জীবিত হতো। তার নিষ্প্রভতা দেখে কিছুটা অবাকই হয়েছি। তার মতো একজন খেলোয়াড় একাই পারেন একটা দলকে উজ্জীবিত করতে।”
তবে মাত্রই চোট থেকে সেরে উঠেছেন বলেই হয়ত রোনালদো নিজেকে মেলে ধরতে পারেননি বলে মনে করেন বাতিস্তা।
