যুক্তরাষ্ট্রের মধুর প্রতিশোধ
গত দুই আসরে ঘানার কাছে হেরেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছিল যুক্তরাষ্ট্র। সোমবার সেই হতাশা কিছুটা হলেও দূর হয়েছে তাদের। ঘানাকে ২-১ গোলে হারিয়ে মধুর প্রতিশোধ নেয়ার পাশাপাশি ব্রাজিল বিশ্বকাপের সফল পথচলাও শুরু করলো যুক্তরাষ্ট্র।
২০০৬ সালের গ্রুপ পর্বে এবং ২০১০ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে ঘানার কাছে হেরে যায় যুক্তরাষ্ট্র। এবারের মতো আগের দুইবারেও ম্যাচের ফলাফল ছিল ২-১।
সোমবার নাতালের দাস দুনাস আরেনার গ্যালারিতে সমর্থকেরা বসতে না বসতেই তাদের উদযাপনের উপলক্ষ এনে দেন যুক্তরাস্ট্রের ক্লিন্ট ডেম্পসি। ২৯ সেকেন্ডের মাথায় দারুণ দক্ষতায় জালে বল পাঠান এই ফরোয়ার্ড।
বাঁ দিক থেকে বল পায়ে প্রতিপক্ষের একজনকে কাটিয়ে আর একজনকে গতিতে পরাস্থ করে ডি বক্সে ঢুঁকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে এটা পঞ্চম দ্রুততম গোল।
ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে হতবাক ঘানার ছন্দ ফিরতে খানিকটা সময় লেগে যায। সেই সুযোগে আক্রমণের পর আক্রমণ করতে থাকে যুক্তরাষ্ট্র। কিন্তু জালে আর বল পাঠাতে পারেনি তারা।
এর মাঝে ২০তম মিনিটে বড় একটা ধাক্কা খায় যুক্তরাষ্ট্র। পায়ের পেশিতে (হ্যামস্ট্রিং) চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ফরোয়ার্ড জোজি আলটিডোর। ফলে এই ম্যাচ তো বটেই, বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতেও অনিশ্চিত হয়ে পড়লেন সান্ডারল্যান্ডের ওই খেলোয়াড়।
৩২তম মিনিটে উল্লেখযোগ্য একটা সুযোগ পায় ঘানা। কিন্তু আসামোয়াহ জিয়ানের নীচু ক্রসটি ঝাঁপিয়ে পড়ে ধরে ফেলেন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক।
৩৫ মিনিটে আরো বড় ধাক্কা খেতে পারতো যুক্তরাষ্ট্র। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের সঙ্গে ধাক্কা লেগে গোলদাতা ডেম্পসির নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। তবে বড় ধরণের কোনো দুর্ঘটনা ঘটেনি, কিছুক্ষণ পরেই মাঠে ফেরেন তিনি।
দ্বিতীয়ার্ধের শুরুতে গোল পেতে মরিয়া ঘানা প্রতিপক্ষের রক্ষণে প্রচন্ড চাপ সৃষ্টি করে। প্রথম ১৫ মিনিটে ধারাবাহিকভাবে আক্রমণ করতে থাকে তারা কিন্তু সাফল্য অধরাই থেকে যায়।
৭৫তম মিনিটে ডি বক্সের মধ্যে দারুণ একটি ক্রস পেয়েও গোলে শট নিতে দেরি করে ফেলেন ঘানার মিডফিল্ডার আন্দ্রে আইয়ু।
তবে ৮২তম মিনিটে আর ভুল করেননি আইয়ু। ডি বক্সের মধ্যে আসামোয়াহ জিয়ানের ব্যাকপাস পেয়ে দ্রুত শটে গোলটি করেন আইয়ু।
সমতায় ফেরার স্বস্তি অবশ্য বেশিক্ষণ থাকেনি গত আসরে কোয়ার্টার-ফাইনাল খেলা ঘানা শিবিরে। তিন মিনিট বাদেই দুর্দান্ত এক হেডে যুক্তরাষ্ট্রকে ফের এগিয়ে দেন বদলি ডিফেন্ডার জন ব্রুকস। ছয় গজ দূর থেকে কর্নারে হেড করে করা গোলটি জাতীয় দলের হয়ে ব্রুকসের প্রথম গোল।
শেষ পর্যন্ত ওই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র।
‘জি’ গ্রুপে দিনের অন্য ম্যাচে জার্মানি ৪-০ গোলে হারিয়েছে পর্তুগালকে।
