আবাহনীর সহজ জয়
বাংলাদেশ প্রিমিয়ার লিগে সহজ জয় পেয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ৩-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।
বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে আবাহনীর জয়ে একটি করে গোল করেন ঘানার স্ট্রাইকার ওসেই মরিসন, ডিফেন্ডার আতিকুর রহমান মিশু ও মিডফিল্ডার জামাল হোসেন।
২৫তম মিনিটে মরিসনের গোলে এগিয়ে যায় নীল-আকাশি শিবির। ব্রাদার্সের গোলরক্ষক শাহেনশার হাতের নিচ দিয়ে লক্ষ্যভেদ করেন মরিসন।
২ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মিশু। ডি বক্সের কয়েক গজ বাইরে থেকে নেয়া তার আচমকা শট গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়ায়।
দ্বিতীয়ার্ধে ইনজুরি সময়ে বক্সের মধ্যে থেকে আলতো টোকায় তৃতীয় ও শেষ গোলটি করেন জামাল হোসেন।
এই জয়ের ফলে ১৯ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে আবাহনী। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ব্রাদার্স।
