২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম আবাহনীর জালে শেখ জামালের গোল উৎসব

বড় জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় পর্ব শুরু করেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। শনিবার চট্টগ্রাম আবাহনীকে ৮-১ গোলে হারিয়েছে লিগের শীর্ষ দলটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 12:50 AM

Updated : 22 Aug 2022, 06:30 PM

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শেখ জামালের জয়ে সবচেয়ে বড় অবদান দুই স্ট্রাইকার এমেকা ডার্লিংটন ও ওয়েডসন অ্যানসেলমের। হ্যাটট্রিক করেন নাইজেরিয়ার এমেকা আর দুটি গোল করেন হাইতির ওয়েডসন।

মাত্র ১১ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন এমেকা। ৬৩, ৬৮ ও ৭৪ মিনিটে এই তিন গোল করেন তিনি। ১৯ গোল করে এখন পর্যন্ত তিনিই লিগের সেরা গোলদাতা।

দুই অর্ধে একটি করে গোল করেন ওয়েডসন। এছাড়া একটি করে গোল করেন সনি নর্দে, শাখাওয়াত হোসেন রনি ও মোস্তফা।

শেষ পর্যন্ত বড় ব্যবধানে হারলেও দ্বিতীয় মিনিটেই গোল করে শুরুতে চমক দেখিয়েছিল আবাহনীই।

এবারের আসরে এর আগেও প্রতিপক্ষের জালে আটবার বল পাঠিয়েছিল শেখ জামাল। প্রথম পর্বে উত্তর বারিধারাকে ৮-০ গোলে হারিয়েছিল তারা। লিগে ওটাই সবচেয়ে বড় ব্যবধানে জয়।

এই জয়ে ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান আরো সুদৃঢ় হল শেখ জামালের। সামান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তলানিতেই থাকল আবাহনী।

এদিনের বঙ্গবন্ধু স্টেডিয়ামের অন্য ম্যাচটি একদিন পিছিয়ে দিয়েছে বাফুফে। একই ভেন্যুতে রোববার মুখোমুখি হবে শেখ রাসেল ও উত্তর বারিধারা। সেদিনের ম্যাচে খেলবে ঢাকা আবাহনী ও ব্রাদার্স ইউনিয়ন।