ব্রাজিলকে হুঙ্কার মেক্সিকোর
ক্যামেরুনের বিপক্ষে দুটি গোল অফসাইডের কারণে বাতিল হওয়ার পরও জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে পারায় আত্মবিশ্বাস তুঙ্গে মেক্সিকোর। দলটির কোচ মিগেল এররেরার কাছে তো আর কিছুই বাধা বলে মনে হচ্ছে না।
শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে ১-০ গোলে জিতেছে মেক্সিকো। এই জয়ের ফলে 'এ' গ্রুপ থেকে ব্রাজিলের সঙ্গে দ্বিতীয় রাউন্ডে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেল উত্তর আমেরিকার দেশটি।
আত্মবিশ্বাস বাড়ানো এই জয়ের পর এররেরা বলেন, “বাতিল হওয়া গোলের (হতাশা) কাটিয়ে উঠেছে দল। পুরো দল দেখিয়েছে তারা মানসিকভাবে কতটা শক্তিশালী।”
এররেরা আরো বলেন, “খেলোয়াড়েরা মনোযোগ ধরে রেখেছিল। আমরা যদি এটা মাঠে ধরে রাখতে পারি আর এভাবেই ফুটবলটা খেলতে থাকি তাহলে যেকোনো কিছু (বাধা) আমরা উতরে যেতে পারবো।”
আগামী মঙ্গলবার ফরতালেজায় স্বাগতিক ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলবে মেক্সিকো।
নাতালের দাস দুনাস স্টেডিয়ামের এই ম্যাচের পুরোটা সময় জুড়েই বৃষ্টি হচ্ছিল। তবে ভেজা মাঠকে হারের অজুহাত হিসেবে দেখাতে চাইলেন না ক্যামেরুনের কোচ ফোলকার ফিনকে।
“দুই দলের জন্যই (মাঠের) অবস্থাটা একই ছিল সুতরাং আবহাওয়া নিয়ে আমরা কোনো অভিযোগ করতে পারি না।”
আগামী বুধবার মানাউসে ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে খেলতে নামবে ক্যামেরুন।
