রেফারিকে দায়ী করছেন কোভাচ
এগিয়ে গিয়েও ব্রাজিলকে রুখে দেয়ার সুযোগ হাতছাড়া হয়ে গেছে ক্রোয়েশিয়ার। এর দায় রেফারির ওপরই চাপিয়েছেন কোচ নিকো কোভাচ। পেনাল্টির ভুল সিদ্ধান্তই ম্যাচ ঘুরিয়ে দিয়েছে বলে মনে করেন ক্রোয়েশিয়া কোচ।
ব্রাজিলের দুরন্ত সূচনা
রেফারির পক্ষপাতিত্বের অভিযোগ উড়িয়ে দিলেন স্কলারি
ম্যাচ শেষে ক্রোয়েশিয়া দলের সংবাদ সম্মেলনের বেশিরভাগ জুড়েই ছিল জাপানের রেফারি ইয়োইচি নিশিমুরার দেয়া পেনাল্টির সিদ্ধান্তটি।
কোভাচ বলেন, "ছেলেরা নিজেদের উজাড় করে দিয়ে খেলল। কিন্তু এই মাপের একটি ম্যাচ পরিচালনার জন্য অদক্ষ রেফারি এটা পুরোপুরি একটা ঠগবাজি।"
ম্যাচ শেষ হতে তখনো প্রায় ২০ মিনিট বাকি। স্কোরলাইন ছিল ১-১। পেনাল্টি বক্সের মধ্যে বল পেয়েছিলেন ফ্রেড। বল নিয়ন্ত্রণ করতে না পেরে লোভের্নের হালকা ধাক্কায় পড়ে যান ব্রাজিলের এই ফরোয়ার্ড।
রেফারি নিশিমুরা লোভের্নকে হলুদ কার্ড দেখান। পেনাল্টি পায় ব্রাজিল, যা থেকে নেইমার দলকে এগিয়ে দেন ২-১ গোলে।
নেইমারের জোড়া গোলের সঙ্গে অস্কারের গোল মিলিয়ে বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধনী
ম্যাচটিতে ৩-১ গোলে জেতে ব্রাজিল
। ম্যাচ শেষে রেফারির অভিজ্ঞতার অভাব আছে উল্লেখ করেন ক্রোয়েশিয়ার কোচ।
"আজ (বৃহস্পতিবার) যা হলো, এটা হাস্যকর এবং এভাবে চলতে থাকলে বিষয়টি সার্কাসে পরিণত হবে।"
এভাবে চলতে দেয়া যায় না বলে মন্তব্য করেন ক্রোয়েশিয়া কোচ, "এটা যদি পেনাল্টি হয়, তাহলে আমাদের আর ফুটবল খেলার দরকার নেই।"
কোভাচ প্রশ্ন তুলেছেন অস্কারের করা ম্যাচের শেষ গোলটি নিয়েও। ওই গোলটি হওয়ার আগে ব্রাজিল একটি ফাউল করেছিল বলে দাবি করেন তিনি। রেফারি সেটা এড়িয়ে গেছেন বলেও ক্ষোভ তার।
তবে ফুটবল আর জীবনে এমনই হয় বলে মনে করেন ক্রোয়েশিয়া কোচ। নিজের খেলোয়াড়দের প্রশংসা করে সবকিছুর পরও এগিয়ে যাওয়ার প্রত্যয়ের কথা বলেন কোভাচ।
