শাস্তি মওকুফের আবেদন জিমিদের
নিজেদের ভুল বুঝতে পেরেছেন হকি খেলোয়াড়রা। নিষেধাজ্ঞা তুলে নিতে বৃহস্পতিবার হকি ফেডারেশন প্রধান এয়ার মার্শাল মো. ইনামুল বারীর কাছে আবেদন করেছেন তারা।
এ ব্যাপারে জাতীয় দলের সাবেক ডিফেন্ডার ইমরান হাসান পিন্টু বলেন, “নিষেধাজ্ঞা তুলে নিতে আমরা চারজন আলাদাভাবে আবেদন করেছি। আশাকরি, ফেডারেশন আমাদের ভুল শোধরানোর সুযোগ দেবে।”
গত নভেম্বর থেকে জাতীয় দলে চার বছর ও ঘরোয়া হকিতে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়ে আছেন রাসেল মাহমুদ জিমি, জাহিদ হুসাইন, পিন্টু ও কামরুজ্জামান রানা।
এশিয়া কাপে খেলতে গিয়ে দলে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে তাদের বিরুদ্ধে এই শাস্তি মূলক ব্যবস্থা নেয়া হয়। পরবর্তীতে এই চার তারকা খেলোয়াড়কে ছাড়াই এশিয়ান গেমসের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
জাতীয় স্কুল হকি
জাতীয় স্কুল হকি প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ২ কোটি টাকায় হকি ফেডারেশনের সঙ্গে দুই মৌসুমের জন্য চুক্তি করেছে তারা।
