স্পেনকে এগিয়ে রাখছেন বাংলাদেশ কোচ
বিশ্বকাপে স্বদেশকে নিয়ে খুব একটা আশাবাদী নন বাংলাদেশের ডাচ সহকারী কোচ রেনে কোস্টার। গত আসরের রানার্সআপ নেদারল্যান্ডসের প্রথম প্রতিপক্ষ স্পেনকেই এগিয়ে রাখছেন তিনি।
শুক্রবার ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের দুই ফাইনালিস্ট স্পেন ও নেদারল্যান্ডস।
‘তিকি-তাকা’ ফুটবলের দেশ স্পেনের বিপক্ষে ‘টোটাল ফুটবল’ এর দেশ নেদারল্যান্ডসের কোনো সম্ভাবনাই দেখছেন না ডাচ এই কোচ।
বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “স্পেন ভারসাম্যপূর্ণ একটি দল। ওদের সবচেয়ে বড় শক্তি তারকা খচিত মিডফিল্ড।”
“শিরোপাধারী বলেই নয়, সব দিক থেকে ওরা নেদারল্যান্ডসের চেয়ে এগিয়ে। ওদের দলে বার্সেলোনা, রিয়াল ও আতলেতিকো মাদ্রিদের মতো সফল দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা রয়েছে।”
লুইস ফন গালের তারুণ্য নির্ভর দলে আস্থা রাখতে পারছেন না রেনে। অভিজ্ঞ খেলোয়াড়দের বাদ দেয়াটাও পছন্দ হচ্ছে না তার। তিনি মনে করেন, দলের সেরা তারকা রবিন ফন পের্সির চোট ডাচদের আরো পিছিয়ে দিয়েছে।
