জমাট রক্ষণে ভয় নেই স্পেনের
স্পেনকে রুখতে জমাট রক্ষণ নিয়ে খেলার পরিকল্পনা করছে প্রতিপক্ষরা। এতে অবশ্য মোটেই ভয় পাচ্ছেন না স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক।
‘তিকি-তাকা’ পাসে বল দখলের ফুটবল খেলে অভ্যস্থ স্পেন। গত ৬ বছরে এই ফূটবল খেলেই টানা ৩টি বড় শিরোপা জয়ের রেকর্ড গড়েছে তারা। তবে প্রয়োজনে এই ধারা বদলাতে প্রস্তুত দেল বস্কের দল।
“গভীরতা ছাড়া বল দখলের কোনো মানে নেই। এ কারণেই আমরা কাজ করছি, যাতে দল চাপ দিয়ে বল দখল করতে পারে এবং এর পর সংঘবদ্ধ আক্রমণে যেতে পারে।”
প্রসঙ্গটি এসেছে আগামী শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের বড় ম্যাচের কারণেই। গত বিশ্বকাপে ফাইনালে এই নেদারল্যান্ডসকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। শারীরিক বল প্রয়োগের ফুটবল খেলেই স্পেনকে রোখার চেষ্টা করেছিল ডাচরা।
এবার লুইস ফন গালের অধীনে ডাচরা হয়ত তেমন খেলবে না। ডাচদের উদ্ভাবন করা ‘টোটাল ফুটবল’-এর ওপরই আস্থা এই ডাচ কোচের। তবে স্পেনকে রুখতে ৫ জন ডিফেন্ডারের সমন্বয়ে রক্ষণটা জমাট করে খেলার পরিকল্পনা আঁকছেন তিনি।
অনেক ফুটবল পন্ডিতেরই ধারণা, ‘বি’ গ্রুপের বাকি দুই দল চিলি আর অস্ট্রেলিয়াও স্পেনকে রুখতে ফন গালের পথেই হাঁটবে।
স্পেন কোচ জানান, গ্রুপের প্রতিপক্ষদের রক্ষণে বসে থাকার এই পরিকল্পনা নিয়ে কোনো দুশ্চিন্তা নেই তার।
“তারা যদি এটা করে তো করুক। আমাদের ধৈর্য্য ধরতে হবে এবং রক্ষণাত্মক দলগুলোর বিপক্ষে ফাঁক খুঁজে বের করতে হবে।”
২০০৮-এ ইউরো, ২০১০ সালে বিশ্বকাপ, এর পর ২০১২ সালে আবার ইউরো জেতা স্পেন সোনালী এক সময়ই কাটাচ্ছে। তবে গত বছর কনফেডারেশন্স কাপে স্বাগতিক ব্রাজিলের কাছে ফাইনালে হেরে গেছে তারা। অনেকে আবার এটাকেই দেখছেন স্পেনের সোনালী সময়ের শেষের শুরু হিসেবে।
স্পেন কোচ অবশ্য স্পেনকে এখনো সেটা ভাবেন না।
“এটা ঠিক তারা আমাদের হারিয়েছে। তবে তারা যে আমাদের বিপজ্জনক হুমকি হিসেবে দেখে, এটা বেশ সম্মানের বলেই মনে করি আমি।”
শিরোপা ধরে রাখার লক্ষ্যে ব্রাজিলে পা রাখা স্পেন তাদের সাধ্যমতো চেষ্টা করবে বলেই জানান।
“আমরা আমাদের সেরাটাই দেব। প্রথমে আমরা দারুণ গোছানো হল্যান্ডের মুখোমুখি। ওদের ভালো একজন কোচ আছে এবং আমার মনে হয়, আমাদের জন্য অনেক সমস্যার কারণ হবে ওরা।”
