আন্দোলনে যাবার হুমকি ফেনীর
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ভেন্যু বাতিল হওয়ায় আন্দোলনে যাবার হুমকি দিয়েছেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। সোমবার বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে বিষয়টি জানিয়েছেন তারা।
ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাহার চৌধুরী জানান, তারা বাফুফের কাছে অবিলম্বে ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়াম ভেন্যু বাতিলের সিদ্ধান্ত পরিবর্তন করার দাবি জানিয়েছেন।
“আমরা ইতোমধ্যেই মানবন্ধন কর্মসূচি পালন করেছি। বাফুফের এই সিদ্ধান্ত পরিবর্তন না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
বাফুফে সাধারণ সম্পাদক এ ব্যাপারে বলেন, “ফেনীর কর্মকর্তাদের উপস্থিতিতে পেশাদার লিগ কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। তাছাড়া স্টেডিয়ামের অবস্থা তো খুব একটা ভালো না। তাই আমরা এই ভেন্যু বাতিল করেছি।”
