ইম্মোবিলের হ্যাটট্রিকে ইতালির বড় জয়
ব্রাজিলে পা রেখেই যেন নিজেদের ফিরে পেয়েছেন চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। চিরো ইম্মোবিলের হ্যাটট্রিকে প্রস্তুতি ম্যাচে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেসেকে ৫-২ গোলে হারিয়েছে তারা।
রোববার আনন্দমুখর পরিবেশে রাওলিনো দে অলিভিয়েরা স্টেডিয়ামে গা-গরমের ম্যাচে জোড়া গোল করেন ইতালির আরেক ফরোয়ার্ড লরেঞ্জো ইনসিনিয়ে।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই হ্যাটট্রিক পূর্ণ করেন ইম্মোবিলে। আর ইনসিনিয়ে করেন ম্যাচে তার দ্বিতীয় গোল।
ম্যাচ শেষে ইতালির কোচ চেজারে প্রানদেল্লি তার আক্রমণভাগ নিয়ে সন্তুষ্টির কথা জানালেন।
“দারুণ কিছু ব্যাপার দেখেছি আমরা। আক্রমণভাগে ছেলে দুটি খুব ভালো করেছে।”
ব্রাজিলে পা রাখার আগে সবশেষ দুটি প্রীতি ম্যাচ ড্র করেছে ইতালি। আয়ারল্যান্ডের সঙ্গে ড্রটি ছিল গোলশূন্য; আর দুর্বল লাক্সেমবার্গের বিপক্ষে এগিয়ে গিয়েও ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শনিবার বিশ্বকাপ অভিযান শুরু হবে ইতালির। ‘ডি’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ কোস্টা রিকা ও দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে।
