২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিঠুনের গোলে মোহামেডানকে হারালো রাসেল

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে দ্বিতীয় পর্বের শেষ ম্যাচে জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ১-০ গোলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 08:38 AM

Updated : 13 Oct 2022, 12:12 PM

খেলার ধারার বিপরীতেই এই জয় পেয়েছে গতবারের চ্যাম্পিয়ন শেখ রাসেল। ইনজুরি সময়ে মিঠুন চৌধুরী একমাত্র গোলটি করেন।

পুরো ম্যাচে প্রাধান্য দেখিয়েছে মোহামেডান। বেশ কয়েকটি সুযোগও পেয়েছে তারা। কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় তারা গোল আদায় করতে পারেনি।

ম্যাচের ৪২ মিনিটে প্রথম সুযোগ পায় মোহামেডান। স্ট্রাইকার জাহিদ হাসান এমিলির শট রুখে দেন শেখ রাসেল গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য্য।

মোহামেডান এগিয়ে যেতে পারতো ৫৯তম মিনিটেও। কিন্তু বুরকিনা ফাসোর ফরোয়ার্ড ওসেসেনি জঙ্গোর শট সাইডবার ঘেষে বাইরে চলে যায়।

৭৯ মিনিটে সাদা-কালোর শিবির ম্যাচে তাদের সবচেয়ে সহজ সুযোগটি হাতছাড়া করে। স্ট্রাইকার তৌহিদুল আলম সবুজ দুই দুবার শট নিয়ে জালে জালে জড়াতে ব্যর্থ হন। প্রতিপক্ষ গোলরক্ষক বিপ্লব বাধা হয়ে দাঁড়ান মোহামেডানের গোলটির পথে।

ঠিক পরের মিনিটেই লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন মোহামেডানের ক্যামেরুনের ডিফেন্ডার বাইবেক।

দশজনের দল নিয়েও ভালোই খেলছিল মোহামেডান। কিন্তু ইনজুরি সময়ে শেখ রাসেল স্ট্রাইকার মিঠুন বক্সের ঠিক বাইরে থেকে অসাধারণ এক শটে লক্ষ্যভেদ করেন।

১৮ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে শেখ রাসেল। মোহামেডান সমান ম্যাচ থেকে ৩২ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।

দ্বিতীয় পর্ব শেষে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ১৮ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে এবং সমান ম্যাচ থেকে ঢাকা আবাহনী লিমিটেড ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।