২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরাসি ওপেনে নাদালের টানা পঞ্চম শিরোপা

নোভাক জোকোভিচকে হারিয়ে ফরাসি ওপেনের শিরোপা ধরে রাখলেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় রাফায়েল নাদাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 10:59 PM

Updated : 13 Oct 2022, 12:11 PM

রোববার ছেলেদের এককের ফাইনালে ৩-৬, ৭-৫, ৬-২, ৬-৪ গেমে জোকোভিচকে হারান শীর্ষ বাছাই নাদাল।

প্রথম সেট হারলেও দারুণভাবে ঘুরে দাঁড়ান নাদাল। লড়াই করলেও স্পেনের তারকার রেকর্ড নবম ফরাসি ওপেন শিরোপা জয় ঠেকাতে পারেননি জোকোভিচ।

২০০৫ সালে থেকে ২০০৮ পর্যন্ত ফরাসি ওপেনে টানা চারটি শিরোপা জেতেন নাদাল। ২০০৯ সালে ব্যর্থতার পর থেকে টানা পাঁচটি শিরোপা জিতলেন তিনি।

‘ক্লে কোর্টের’ একমাত্র গ্র্যান্ড স্ল্যামে নাদালের এটা ৬৬তম জয়, বিপরীতে হেরেছেন মাত্র একটিতে। এখানে নাদালের এটা রেকর্ড টানা ৩৫তম জয়।

ফাইনালে জিতে র‌্যাংঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখলেন নাদাল। এক সঙ্গে যুক্তরাষ্ট্রের কিংবদন্তি পিট সাম্প্রাসের পাশে দাঁড়ালেন তিনি।

১৭টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা নিয়ে নাদালের সামনে আছেন কেবল রজার ফেদেরার।

২০১২ সালের পর আবার ফরাসি ওপেনের ফাইনালে নাদালের কাছে হারলেন জোকোভিচ। রোববার জিতলে শীর্ষস্থান পুনরুদ্ধারের সঙ্গে ‘ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম’ও পূর্ণ হতো তার।

অস্ট্রেলিয়ান ওপেন চারবার এবং উইম্বলডন ও ইউএস ওপেন একবার করে জিতলেও ফরাসি ওপেন এখনও জেতা হয়নি জোকোভিচের।