সেরে উঠছেন সুয়ারেস
উরুগুয়ের বিশ্বকাপ স্বপ্ন আবার উজ্জ্বল হয়ে উঠছে। দলের সবচেয়ে বড় তারকা লুইস সুয়ারেস দ্রুতই সেরে উঠছেন।
হাঁটুতে অস্ত্রোপচারের পর শুক্রবারই প্রথম অনুশীলনে ফিরেছেন লিভারপুলের ফরোয়ার্ড। মন্তেভিদিওর কাছে দলের অনুশীলন শিবিরে সুয়ারেস হালকা স্ট্রেচিং করেছেন, একটু দৌড়েছেনও।
সুয়ারেস প্রায় ২৫ মিনিট মাঠে ছিলেন উল্লেখ করে দলের ফিজিও ট্রেনার হোসে এররেরা বলেন, “তার সব পদক্ষেপই ইতিবাচক ছিল।”
কোচ অস্কার তাবারেসের মনেও নতুন করে আশা জেগে উঠেছে, “তার অবস্থা ভালোই। এটা আমাদের আশা যোগাচ্ছে যে, সে উন্নতি করতে থাকবে।”
সদ্য শেষ হওয়া মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা উরুগুয়ে দলের অনুশীলনে হাঁটুর চোটে পড়েন। চোট ধরা পড়ার প্রায় সঙ্গে সঙ্গেই অস্ত্রোপচার করানো হয়।
সংশয় থাকার পরও দলের সবচেয়ে বড় ভরসাকে চূড়ান্ত দলে রাখেন তারারেস।
বিশ্বকাপের আগে উরুগুয়ের খেলা দুটি প্রীতি ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে ১৪ জুন কোস্টা রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের আগে সুস্থ হয়ে উঠলে তাকে মাঠে নামাতে পারেন কোচ।
ব্রাজিল বিশ্বকাপে ‘জি’ গ্রুপে উরুগুয়ের বাকি দুই প্রতিপক্ষ চারবারের চ্যাম্পিয়ন ইতালি ও ছেষট্টির বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড।
