২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাস্তিলোয় আস্থা ইকুয়েডরের

হাঁটুতে চোট পাওয়া মিডফিল্ডার সেগুনদো কাস্তিলোর বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও ২৩ সদস্যের চূড়ান্ত দলে তাকে রেখেছেন ইকুয়েডরের কোচ রেইনালদো রুয়েদা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 01:32 AM

Updated : 13 Oct 2022, 12:10 PM

গত শনিবার টেক্সাসের আরলিংটনে মেক্সিকোর বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে হাঁটুতে মারাত্মক আঘাত পান সৌদি আরবের ক্লাব আল-হিলালের হয়ে খেলা কাস্তিলো। ম্যাচটি ৩-১ গোলে জিতেছিল মেক্সিকো।

৩৫তম মিনিটে মেক্সিকোর মিডফিল্ডার লুইস মন্তেসের সঙ্গে ধাক্কা লেগে আহত হয়ে মাঠ ছাড়েন কাস্তিলো। ওই ধাক্কায় পায়ের হাড়ে চিড় ধরায় বিশ্বকাপ খেলা অনিশ্চিত হয়ে পড়েছে মেক্সিকোর মন্তেসেরও।

বিশ্বকাপের জন্য ঘোষিত ২৩ সদস্যের ইকুয়েডরের দলে প্রত্যাশিত ভাবেই আছেন দেশটির সবচেয়ে বড় তারকা ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড আন্তোনিও ভালেন্সিয়া।

এছাড়াও আছেন ম্যানচেস্টার সিটির সাবেক স্ট্রাইকার ফেলিপে কাইসাদো ও দেশটির হয়ে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা মিডফিল্ডার এদিসেন মেনদেস।

১৫ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ইকুয়েডর। 'ই' গ্রুপের অন্য দুই দল ফ্রান্স ও হন্ডুরাস।