দুই ভাইয়ের লড়াই
বিশ্বকাপ ফুটবলে একই দলে দুই ভাইয়ের খেলার উদাহরণ আছে ঢের কিন্তু মুখোমুখি হওয়ার ঘটনা এর আগে ঘটেছে মাত্র একবারই, ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে। চরম সে নাটকীয়তা শেষ হয়নি, ব্রাজিল বিশ্বকাপে আবারো মুখোমুখি কেভিন প্রিন্স বোয়াটেং ও জেরোম বোয়াটেং।
এবারো একই গ্রুপে পড়েছে জেরোমের জার্মানি ও কেভিনের ঘানা। আগামী ২১ জুন ফরতালেজার স্তাদিও কাস্তেলাওয়ে মুখোমুখি হবেন তারা। আর স্বাভাবিকভাবেই আলোচনায় থাকবে দুই ভাই জেরোম ও কেভিনের স্নায়ুর লড়াই।
বাবা এক হলেও ভিন্ন মায়ের গর্ভে জন্ম কেভিন ও বোয়াটেংয়ের। জার্মানির বার্লিনে একই সঙ্গে বড় হয়েছেন তারা। ২০০০ থেকে ২০০৫ পর্যন্ত জার্মানির ক্লাব হার্থা বার্লিনে একই সঙ্গে খেলেছেনও। কিন্তু জাতীয় দল বেছে নেয়ার ক্ষেত্রে ভিন্ন পথে হাঁটেন দু'জন।
কেভিনের মা ঘানার নাগরিক আর জেরোমের মা জার্মান। বাবা-মার জন্মস্থানকেই বেছে নেন কেভিন। আর মায়ের দেশ জার্মানিকে বেছে নেন ছোট ভাই জেরোম।
২০০৯ সালে জার্মানির হয়ে অভিষেক জেরোমের আর পরের বছর ঘানার হয়ে অভিষেক কেভিনের। আর অভিষেকের প্রথম বছরেই সবচেয়ে কঠিন পরীক্ষাটা দিতে হয়েছিল কেভিনকে, বিশ্বকাপের গ্রুপ পর্বেই ছোট ভাইয়ের বিপক্ষে লড়াইয়ে নামতে হয় তাকে। ওই ম্যাচে ১-০ গোলে জিতেছিল জার্মানি।
অবশ্য গত একবছর ধরে ক্লাব ফুটবলে এই দুই ভাইয়ের মুখোমুখি লড়াইটা নিয়মিতই ঘটে থাকে। কারণ দুই ভাই-ই খেলেন জার্মানির বুন্দেসলিগায়; জেরোম খেলেন বায়ার্ন মিউনিখে আর কেভিন খেলেন শালকে জিরো ফোরে।
কিন্তু ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতায় আবারো ভাইয়ের বিপক্ষে মাঠে নামার আগে বেশ রোমাঞ্চিত দু'জনই।
২৭ বছর বয়সী কেভিন বলেন, "ওই ম্যাচের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি কারণ দুই বোয়াটেং ভাই-ই একই মাঠে খেলবে।"
ছোট ভাই জেরোম বলেন, "অবশ্যই বিশ্বকাপে নিজের ভাইয়ের বিপক্ষে খেলাটা বিশেষ একটা অভিজ্ঞতা, যদিও এটা প্রথমবার নয়। বিশ্বকাপকে ঘিরে সবসমই অনেক উত্তেজনা থাকে কিন্তু আমাদের দু'জনের জন্য এটা বিশেষ একটা মুহূর্ত।"
