আর্নল্দ পেরালতার স্বপ্নভঙ্গ
বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়ে গেল আর্নল্দ পেরালতার। ঊরুর চোটে পড়ে দল থেকে ছিটকে পড়েছেন হন্ডুরাসের এই মিডফিল্ডার।
৬ মে ঘোষিত ২৩ সদস্যের চূড়ান্ত দলে রেঞ্জার্সের ২৫ বছর বয়সী পেরালতাকে রেখেছিলেন কোচ লুইস ফের্নান্দো সুয়ারেস। চোটে পড়া পেরালতার বদলে রিয়াল এসপানার এদার দেলগাদোকে দলে নিয়েছেন সুয়ারেস।
চোটের কারণে তুরস্ক ও ইসরায়েলের বিপক্ষে হন্ডুরাসের দুটি প্রীতি ম্যাচে খেলতে পারেননি পেরালতা। সময় মতো সুস্থ হতে না পারায় এবার বিশ্বকাপ দল থেকেই বাদ পড়লেন তিনি।
বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ফ্রান্স, ইকুয়েডর ও সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবে হন্ডুরাস।
