২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্তাদিও কাস্তেলাও, ফরতালেজা

স্তাদিও কাস্তেলাও নিয়ে স্বাগতিক দর্শক-সমর্থকদের আগ্রহ আকাশ ছোঁয়া। ব্রাজিল তাদের গ্রুপ পর্বের ৩টি ম্যাচের একটি যে এখানেই খেলবে। ১৭ জুন ব্রাজিল-মেক্সিকোর সেই ম্যাচটিতে নেইমারদের ঝলক দেখতে হয়ত কানায় কানায় পূর্ণ থাকবে প্রায় ৬৫ হাজার আসনবিশিষ্ট এই স্টেডিয়াম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 06:36 PM

Updated : 13 Oct 2022, 12:10 PM

সিয়েরার রাজধানী ফরতালেজায় স্টেডিয়ামটি উদ্বোধন করা হয় ১৯৭৩ সালে। নাম রাখা হয় সিয়েরার সাবেক গভর্নর প্লাসিদো আদেরালদো কাস্তেলাওয়ের নামে। ২০০০ সালে এই স্টেডিয়ামের পুনর্নির্মাণের কাজ শুরু হয়। ১০ বছর মেয়াদী নির্মাণ কাজ শেষ হওয়ার পর স্টেডিয়ামের নাম বদল করে রাখা হয় শুধু কাস্তেলাও।

সিয়েরা সরকার পরিচালিত স্টেডিয়ামটি বিশ্বকাপের জন্য আবার সংস্কার করা হয়। ২০১৩ সালে শেষ হয় সেই কাজ। এর পর এখানে কনফেডারেশন্স কাপের ৩টি ম্যাচ হয়েছে।

এই স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের ৬টি ম্যাচ হবে, যার মধ্যে দ্বিতীয় পর্বের একটি ও কোয়ার্টার-ফাইনালের একটি ম্যাচও আছে।

নেদারল্যান্ডস গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন হলে তাদের দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি হবে কাস্তেলাওতে। ফরতালেজার সঙ্গেও কিন্তু জড়িয়ে আছে ওলন্দাজদের নাম। ১৬৩৭ থেকে ১৬৫৪ পর্যন্ত এই অঞ্চল নিয়ন্ত্রণ করেছে তারা। এখানে ওলন্দাজরা গড়েছিল শুনেনবর্চ দুর্গ, যা থেকেই ফরতালেজা নামটি এসেছে। পর্তুগিজ ভাষায় ফরতালেজার মানে দুর্গ।

প্রাচীন এই শহরে লোকবসতি অনেক বেশি। ৩১৩ বর্গ কিলোমিটার এলাকায় ২৪ লাখ লোকের বাস এখানে।

সারা বছর জুড়েই ফরতালেজার তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলিসিয়াস থাকে। তবে স্বস্তির ব্যাপার হচ্ছে ফরতালেজা সমুদ্র তীরবর্তী এবং সমুদ্র থেকে উঠে আসা ফুরফুরে হাওয়া গা-জুড়িয়ে দিতে পারে খেলোয়াড় আর সমর্থকদের। সুনীল সাগর আর মনভোলানো সৈকতগুলো অপার আনন্দ দিতে পারে বিশ্বকাপ পরিব্রাজকদের। 

এক নজরে:

ধারণক্ষমতা : ৬৪ হাজার ৮৪৬

নির্মাণ: ১৯৭৩ (সংস্কার কাজ শেষে ২০১৩ সালে আবার উদ্বোধন করা হয়)

সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা: সমুদ্র সমতল।

জলবায়ু: প্রায় পুরো বছর জুড়েই তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস থাকে। জুন মাসে বৃষ্টি হওয়া অস্বাভাবিক নয়।

অবস্থান: ব্রাজিলের উত্তর-দক্ষিণ উপকূলের একটি বন্দরে অবস্থিত। সমুদ্র সৈকত ছড়িয়ে আছে ১৬ মাইল জুড়ে।

ম্যাচ: গ্রুপ পর্বের ৪টি, দ্বিতীয় পর্বের একটি ও একটি কোয়ার্টার-ফাইনাল।