চেলসিকে বিদায় ল্যাম্পার্ডের
চেলসির সঙ্গে ১৩ বছরের সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। জীবনের একটা অংশ হয়ে ওঠা এই ক্লাব ছাড়তে যাচ্ছেন তিনি।
এই মাসেই চেলসির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে ৩৫ বছর বয়সী ইংল্যান্ডের এই মিডফিল্ডারের। সোমবার তিনি ঘোষণা দিয়েছেন—স্ট্যামফোর্ড ব্রিজে আর নয়।
চেলসির সর্বোচ্চ গোলের (২১১) মালিক ২০০১ সালে ওয়েস্ট হ্যাম থেকে চেলসিতে নাম লেখান। ৩টি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ চেলসিতে ১৩ বছরের ক্যারিয়ারে ১১টি বড় শিরোপা জিতেছেন তিনি।
আপাতত ইংল্যান্ডের বিশ্বকাপ দলের সঙ্গে মিয়ামিতে আছেন ল্যাম্পার্ড। টুর্নামেন্ট শেষ করেই নিজের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।
অনেকেই ধারণা করছেন অবসরে চলে যাবেন ল্যাম্পার্ড। তবে চেলসির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে জেনেই সারা বিশ্বের ১৬টি ক্লাব ল্যাম্পার্ডকে নেয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে।
তবে একটা গুঞ্জন শোনা যাচ্ছে, মেজর লিগ সকারের (এমএলএস) নতুন ক্লাব নিউ ইয়র্ক সিটিতে যোগ দিতে পারেন ল্যাম্পার্ড। এরই মধ্যে ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড দাভিদ ভিয়াকে চুক্তিবদ্ধ করেছে ক্লাবটি।
