নেইমারকে রোখার কৌশল মেক্সিকোর
সময়ের অন্যতম সেরা ফুটবলার নেইমারকে রোখার উপায় খুঁজছে বিশ্বকাপে ব্রাজিলের প্রতিপক্ষ দলগুলো। মেক্সিকোর কোচ মিগেল এররেরা ব্রাজিলের এই ‘বিস্ময় বালক’কে রুখতে একটি উপায় অবশ্য আবিষ্কার করেছেন। নেইমারের কাছে আসা বলের ‘যোগান’ বন্ধ করে দিলেই তাকে থামানো যাবে বলে মনে করেন তিনি।
গ্রুপ পর্বেই দেখা হবে ব্রাজিল আর মেক্সিকোর। ১৭ জুনের এই ম্যাচে নেইমারকে থামাতে বিশেষভাবে পরিকল্পনা করছেন মেক্সিকো কোচ। এররেরা তার সেই পরিকল্পনার কথা জানিয়েও দিয়েছেন।
“তার বলের যোগান বন্ধ করে দেয়ার চেষ্টা করতে হবে আমাদের। তাকে বল পাওয়া থেকে বিরত রাখাটা খুব গুরুত্বপূর্ণ।”
নেইমারকে থামানোর পরিকল্পনার কথা বলতে গিয়ে এররেরা ব্রাজিলের এই তারকাকে প্রশংসায়ও ভাসিয়েছেন, “বল পেলে সে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। ওর দক্ষতা এতো ভালো যে, একজন, দুজন, এমনিক তিন জন খেলোয়াড়কেও ফাঁকি দিতে পারে।”
নেইমারকে থামাতে এররেরার আবিষ্কার করা এই উপায় অন্যরাও চেষ্টা করে দেখতে পারেন।
‘এ’ গ্রুপে মেক্সিকো ছাড়া ব্রাজিলের বাকি দুই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও ক্যামেরুন।
