২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরেনা দে সাও পাওলো, সাও পাওলো

সাও পাওলোর আরেনা দে সাও পাওলো স্টেডিয়ামেই যাত্রা শুরু করবে ২০১৪ বিশ্বকাপ। আয়োজক কমিটির এই সিদ্ধান্তের জন্য সর্বোচ্চ নম্বরই দিতে হয়। ব্রাজিল বিশ্বকাপ শুরুর জন্য এর চেয়ে সঠিক শহর আর কোনটাই বা হতে পারত!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 04:00 PM

Updated : 13 Oct 2022, 12:10 PM

ব্রাজিলের ফুটবলের যাত্রা যার হাত ধরে শুরু হয়েছিল, সেই চার্লস উইলিয়াম মিলারের জন্ম সাও পাওলোতে। ‘ব্রাজিলের ফুটবলের পিতা’ নামে পরিচিত মিলার সাও পাওলো শহরে ফুটবল খেলা প্রচলন করেন ১৮৯৪ সালে।

শুধু মিলারেরই নয়, সাও পাওলো বর্তমানে ব্রাজিলের ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন নেইমারেরও শহর। ব্রাজিলের ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন-সারথি এই তারকা বিশ্বকাপ অভিযান নিজের শহরে শুরু করবেন, তার জন্য এর চেয়ে ভালো আর কী হতে পারত!

১ হাজার ৫২৩ বর্গ কিলোমিটার আয়তনের এই শহরে উদ্বোধনী অনুষ্ঠানের পর আরেনা দে সাও পাওলোতে ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচ দিয়ে শুরু হবে এক মাসের স্নায়ুক্ষয়ী বিশ্ব জয়ের লড়াই।

লড়াইটা যেখানে শুরু হচ্ছে, সেই সাও পাওলো শহর ব্রাজিলের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের কেন্দ্রই শুধু নয়, এটা দেশটির সবচেয়ে বড় শহরও। বিশ্বের সবচেয়ে জনবহুল শহরগুলোর একটি সাও পাওলো।

বছরের বেশিরভাগ সময়েই সাও পাওলোতে গুড়ি গুড়ি বৃষ্টি হয়। এই বৃষ্টির কারণে ১ কোটি ১০ লাখ মানুষের শহরটির নাম হয়ে গেছে  ‘ঝিরি ঝিরি বৃষ্টির ভূমি’।

ঐতিহ্যগতভাবেই ব্রাজিলের ক্লাব ফুটবলেও বেশ আলোচিত এখানকার ফুটবল শক্তি। এই শহরের তিনটি দল করিন্থিয়ান্স, পালমেইরাস এবং সাও পাওলো দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবল লিগ ‘ব্রাজিলেইরো সেরি আতে’ খেলে।

করিন্থিয়ান্সের মাঠ আরেনা সাও পাওলোতে উদ্বোধনী আর একটি সেমি-ফাইনালসহ মোট ৬টি ম্যাচ হবে।

এক নজরে:

ধারণক্ষমতা: ৬৫ হাজার ৮০৭

অবস্থান: আটলান্টিক উপকূলে মালভূমিতে।

সমুদ্রপৃষ্ট থেকে উচ্চতা: ৭৯২ মিটার (২ হাজার ৫৯৮ ফুট)

জলবায়ু: সর্বোচ্চ ২০ আর সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির সম্ভাবনা ৩০ শতাংশ।

ম্যাচ: উদ্বোধনী ম্যাচসহ গ্রুপ পর্বের ৪টি ম্যাচ; একটি দ্বিতীয় পর্বের ম্যাচ ও একটি সেমি-ফাইনাল।