২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ স্বপ্ন শেষ ফ্যালকাওয়ের

শেষ পর্যন্ত লড়াইটা হেরে গেলেন রাদামেল ফ্যালকাও। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় বিশ্বকাপের জন্য কলম্বিয়ার চূড়ান্ত দলে রাখা হয়নি মোনাকোর এই ফরোয়ার্ডকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 12:34 PM

Updated : 13 Oct 2022, 12:10 PM

বুয়েনস আইরেসে সংবাদ সম্মেলনে সোমবার কোচ হোসে পেকারমান তার ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করলেন। তার এই সংবাদ সম্মেলনেই শেষ হয়ে গেলো ফ্যালকাওয়ের বিশ্বকাপ স্বপ্ন। আসলে বিশ্বকাপে কলম্বিয়ার সাফল্য পাওয়ার স্বপ্নেও একটা ধাক্কা লাগল।

এমন নির্মম বাস্তবতার মুখোমুখি হওয়ায় পেকারমানের মনও ভারাক্রান্ত হয়েছে। আর্জেন্টিনার এই কোচ চূড়ান্ত দল ঘোষণার দিনটিকে কলম্বিয়া দলে তার সময়ের সবচেয়ে কষ্টের দিন বলে উল্লেখ করেছেন।

ফ্যালকাও অবশ্য বাস্তবতা মেনে নিয়েছেন। কলম্বিয়ার পত্রিকা এল পায়েসকে তিনি বলেন, “আমি খুব রোমাঞ্চিত ছিলাম। কিন্তু এখন আমাকে দূর থেকেই দলকে সমর্থন করতে হবে। দলের জন্য শুভকামনা রইল। আশা করছি, ভালো একটা বিশ্বকাপ কাটবে তাদের।”

জানুয়ারি মাসে মোনাকোর হয়ে খেলার সময় হাঁটুর চোটে পড়েন ফ্যালকাও। অস্ত্রোপচারের পর গত মাসের শেষের দিকে মোনাকোর হয়ে হালকা অনুশীলনে নেমেছিলেন। তখন বিশ্বকাপে খেলার স্বপ্নের কথাও জানিয়েছিলেন।

কোচ পেকারমানও দলের সবচেয়ে বড় তারকাকে ৩০ সদস্যের প্রাথমিক দলে রেখেছিলেন। ফ্যালকাওকে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার কথাও বলেছিলেন তিনি। শেষ পর্যন্ত দলের সেরা তারকাকে বিশ্বকাপে পাওয়ার স্বপ্ন বিসর্জন দিতে হয়েছে তাকেও।