ব্রাজিলকে একতাবদ্ধ করেছেন স্কলারি: হাল্ক
ব্রাজিলের একাদশে তার জায়গা নিয়ে প্রশ্ন উঠেছে অনেকবার। ক্লাব ফুটবল ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় দেশের বাইরে কাটানোয় সমর্থকদের ভেতর গ্রহণযোগ্যতাও ছিল কম। সেই হাল্ক এখন ‘সেলেসাও’ একাদশের নিয়মিত সদস্য। তাঁর প্রতি সমর্থকদের দৃষ্টিভঙ্গিও গেছে বদলে। ফিফা ডটকমের সঙ্গে সাক্ষাৎকারে এসব নিয়ে কথা বলার পাশাপাশি নিজের খেলার ধরন, দলীয় চেতনার রহস্য ও প্রতিপক্ষ দলগুলো নিয়ে কথা বললেন হাল্ক।
প্রশ্ন: ব্রাজিলে যে আপনার সম্পর্কে ধারণা বদলে গেছে, সেটি কি টের পাচ্ছেন? আগে আপনার সামর্থ্য নিয়ে সন্দেহ ছিল অনেকের। আর এখন আপনি সেলেসাওদের প্রথম একাদশের ফুটবলার, যে দলটির কাছ থেকে অনেক বড় অর্জনের প্রত্যাশা।
হাল্ক: হ্যাঁ, পরিবর্তনটা বুঝতে পারছি। তবে সেটিই তো স্বাভাবিক। কারণ আগে বেশিরভাগ ব্রাজিলিয়ানের আমার সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না। সমর্থকরা আমাকে চিনতে শুরু করল জাতীয় দলের জার্সি গায়ে খেলা শুরুর পর থেকে। ২০১২ অলিম্পিকে দেখেছে, এরপর ২০১৩ কনফেডারেশন্স কাপে। সেখানে খেলা দেখার পর এখন সমর্থকদের মধ্যে বেড়েছে আমার গ্রহণযোগ্যতা। এতে আমি খুবই আনন্দিত।
প্রশ্ন: রাশিয়ার ক্লাব ফুটবলে থিতু হওয়ার সমান্তরালে এই ব্যাপারটা এগিয়েছে, তাই না?
হাল্ক: কোনো সন্দেহ নেই। জেনিত সেন্ত পিতার্সবার্গের হয়ে দারুণ এক মৌসুম কাটানোয় আমি সত্যি খুব খুশি। একটাই অপূর্ণতা যে, আমরা লিগ শিরোপাটা জিততে পারলাম না। শেষ দিকে গুরুত্বপূর্ণ সময়ে কিছু পয়েন্ট হারানোয় সেটি হয়নি। তবে ব্যক্তিগত পারফরম্যান্সের বিচারে আমার জন্য মৌসুমটি কেটেছে দুর্দান্ত। অনেক গোল করেছি (২৪ লিগ ম্যাচে ১৭টি) আর প্রশ্নাতীতভাবে রাশিয়ান ফুটবলের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছি।
হাল্ক: ঠিক তাই। ইউরোপিয়ান ফুটবলে (পর্তুগাল ও চেলসির কোচ হিসেবে) ফেলিপাও (লুইস ফেলিপে স্কলারি) অনেক সময় কাটিয়েছেন। ফরোয়ার্ডদের পেছনে এসে রক্ষণকাজে সাহায্য উপরে তিনি তাই জোর দেন অনেক। ব্রাজিলের চেয়ে সেটি ইউরোপিয়ানদের খেলার ধরনের সঙ্গে বেশি যায়। আমাদের জাতীয় দলের যে সেন্টার ফরোয়ার্ড, সেই ফ্রেডও তাই নীচে নেমে আসেন প্রায়শ। পোর্তোতে খেলার সময় থেকেই আমি এর সঙ্গে অভ্যস্ত। বল হারানোর পর দলের সবাই মিলে ডিফেন্ড করাটা বেশ কাজে দেয়।
প্রশ্ন: এর অর্থ হচ্ছে আপনি ও রাইট ব্যাক দানি আলভেজকে বেশ কাছাকাছি অবস্থানে থাকতে হবে। আর একে অপরের উপর নির্ভর করতে হবে, তাই তো?
হাল্ক: আমার মতো ওয়াইডে খেলা ফুটবলারের জন্য দানিয়েলের মতো অ্যাটাকিং ফুলব্যাকের সঙ্গে খেলাটা দারুণ ব্যাপার। সত্যি বলতে, ব্রাজিলের দুই ফুল ব্যাকই এমন। এক প্রান্তে এমন দুজন থাকলে প্রতিপক্ষের ডিফেন্ডারদের আরো বেশি চিন্তার মধ্যে পড়ে যায়, তাতে জায়গা বেরিয়ে যায় আরো বেশি। আবার অন্যদিকে প্রতিপক্ষের পায়ে বল থাকার সময় আমাদের দুজনকে নিবিড় যোগাযোগের মাধ্যমে নিজেদের প্রান্ত সুরক্ষিত রাখতে হবে। কাজ করতে হবে সত্যিকার জুটি হিসেবে।
প্রশ্ন: ২০১৩ সালের কনফেডারেশন্স কাপজয়ী স্কোয়াডের সবাই ক্যাম্পের দারুণ পরিবেশের কথা বলে সবসময়। কিভাবে সেটি সম্ভব হয়েছিল?
হাল্ক: এক দল অসাধারণ মানুষের সমন্বয়ে তৈরি হয়েছিল দলটি। ‘সেলেসাও’ স্কোয়াড সবসময়ই ওরকম। তবে বিশেষত ওই কঠিন সময়টা একসঙ্গে পাড়ি দেওয়ার জন্য সবার মধ্যে বোঝাপড়া ছিল খুব জরুরি। ফেলিপাওয়ের নির্দেশনায় আমরা সেটি করতে পেরেছি। কনফেডারেশন্স কাপের পর স্কোয়াডে খুব বেশি পরিবর্তন আসেনি। আমাদের মধ্যে বোঝাপড়াটাও আছে দুর্দান্ত।
হাল্ক: সেজন্য যে খুব বেশি কিছু বলেন কোচ, তা না। আসলে তার কাজের ধরনেই সেটি হয়ে যায়। খেলোয়াড়দের তিনি এমনভাবে অভ্যর্থনা জানান যে, মুহূর্তেই সবার ভেতর স্বস্তি ছড়িয়ে পড়ে। আর অভিজ্ঞ-তরুণ সব খেলোয়াড়রা বুঝে যায়, কোচ তাদের কাছ থেকে কী চাইছেন। উদাহরণ হিসেবে বলা যায়, তিনি সবাইকে একইসঙ্গে লাঞ্চ ও ডিনার করার নির্দেশনা দিয়েছেন। সবার খাওয়া শেষ না হওয়া পর্যন্ত সবাই একসঙ্গে থাকি। এটি এখন আমাদের অভ্যাসে পরিণত হয়েছে এবং সেটি টিম স্পিরিটের ক্ষেত্রে দারুণ কাজে দেয়। এগুলো হয়তো দৈনন্দিন ছোটখাট ব্যাপার, কিন্তু পরষ্পরের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। পুরো দলকে কিভাবে একতাবদ্ধ করতে হয়, সেটি অন্য সবার চেয়ে ফেলিপাও ভালো জানেন।
প্রশ্ন: গ্রুপপর্বের তিন প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, মেক্সিকো ও ক্যামেরুনের অনেক ফুটবলারের বিপক্ষে ক্লাব ফুটবলে আপনি খেলেছেন। ম্যাচগুলো কেমন হবে বলে আশা করছেন?
হাল্ক: প্রথম কথাটি হচ্ছে, সবগুলো ম্যাচই কঠিন। ভালো ভালো ফুটবলারের সমন্বয়ে তাদের দলগুলো দারুণ। আর ব্রাজিলের মাটিতে ব্রাজিলের বিপক্ষে খেলবে বলে হয়তো রক্ষণাত্মক ধাঁচের ফুটবল খেলবে তারা। এ কারণেই যখন জায়গা বেরোবে, সেটির পূর্ণ সদ্ব্যবহার করতে হবে আমাদের। কনফেডারেশনস কাপে অনেকগুলো ম্যাচেই আমরা শুরুতে গোল বের করেছি, যেটি খুব গুরুত্বপূর্ণ হিসেবে প্রমাণিত হয়েছে।
প্রশ্ন: শেষ প্রশ্ন। আপনার দৃষ্টিতে এই বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দল কোনগুলো?
হাল্ক: বিশ্বকাপে ঐতিহ্যবাহী বড় দলগুলোই ভালো করে, ইতিহাস তাই বলে। এ কারণেই ব্রাজিল, স্পেন, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, আর্জেন্টিনার মতো দলের কথাই বলতে হয়। এদের বাইরে উরুগুয়ে ও বেলজিয়ামের চমক দেওয়ার সামর্থ্য আছে বলে আমি মনে করি।
