২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতনের নিশ্চয়তা চাচ্ছেন ক্রুইফ

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ লোডভিক ডি ক্রুইফ দুই মাস ধরে ছুটিতে আছেন। বেশ কিছুদিন ধরেই আসছি আর আসব বলে সময় পার করছেন এই ডাচ কোচ। মূলত ৫ মাসের বেতন বকেয়া পড়ায় তার এই গড়িমসি বলে বাফুফের সূত্র জানিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2014, 08:53 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

রোববার বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ফোনে ক্রুইফের সঙ্গে কথা বলেন। এই ডাচ কোচ তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেন, বেতনের নিশ্চয়তা পেলেই ঢাকায় আসবেন।

বাফুফে সাধারণ সম্পাদক জানান, এখনই বেতন চাচ্ছেন না ক্রুইফ। তবে তিনি নিশ্চয়তা চান, বাফুফে কবে তাকে বেতন দিতে পারবে। নিশ্চয়তা পেলেই পরে ঢাকায় আসবেন বলে ফোনে জানান এমিলিদের কোচ।

ক্রুইফের সঙ্গে বাফুফের এক বছরের চুক্তি গত শনিবার শেষ হয়েছে। এই ডাচ কোচের সঙ্গে চুক্তি নবায়ন করার কথা ভাবছে বাফুফে। আর এই সময়েই বকেয়া বেতন নিয়ে জটিলতা দেখা দিল। ক্রুইফের অনড় অবস্থানের কারণে বাফুফে কিছুটা বিপাকেই পড়েছে। যতো দ্রুত সম্ভব ক্রুইফের বকেয়া বেতন পরিশোধ করে দেয়ার চেষ্টা করছে তারা।

ক্রুইফের সহকারী তারই স্বদেশি রেনে কোস্টার মঙ্গলবার ঢাকায় আসবেন বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক। আপাতত তিনি নেপালে রয়েছেন।

দুই কোচের পেছনে বেতন বাবদ বাফুফেকে প্রতি মাসে প্রায় ২৫ লাখ টাকা গুণতে হচ্ছে। ৫ মাসে তাই বকেয়া বেতন দাঁড়িয়েছে প্রায় সোয়া কোটি টাকা।

আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ইনচন এশিয়ান গেমসকে সামনে রেখে দল নিয়ে কাজ করার কথা ক্রুইফের। তিনি ঢাকায় আসলেই দলের ক্যাম্প শুরু হবে। এরই মধ্যে বাফুফে ৩০ জনের তালিকা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) জমা দিয়েছে।