২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফালকাওকে ছাড়া জিততে পারলো না কলম্বিয়া

চোটের কারণে স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও না খেললেও গোল পেয়েছে কলম্বিয়া। অবশ্য সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচে জিততে পারেনি তারা। দুই গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে লাতিন আমেরিকার দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2014, 03:54 PM

Updated : 13 Oct 2022, 12:09 PM

হাঁটুর চোট কাটিয়ে ফ্যালকাও অনুশীলন শুরু করলেও বিশ্বকাপে তার খেলা নিয়ে সংশয় এখনও কাটেনি। তবে দেশসেরা এই স্ট্রাইকারকে পেতে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করার কথা আগেই জানিয়েছেন কলম্বিয়ার কোচ হোসে পেকারম্যান।

ফ্যালকাও না থাকলেও শনিবার আর্জেন্টিনার বুয়েনস আইরেসে বেশ দাপট দেখিয়েছে কলম্বিয়ার আক্রমণভাগ। ১১তম মিনিটেই স্ট্রাইকার তেয়োফিলো গুতিয়েরেসের গোলে এগিয়ে যায় তারা। আর প্রথমার্ধের শেষমুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন আরেক স্ট্রাইকার কার্লোস বাকা।

কিন্তু দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করে সমতায় ফেরে সেনেগাল। ৪৭তম মিনিটে স্ট্রাইকার মুসা কোনাতে ও ৫২তম মিনিটে মিডফিল্ডার চেইক নদয়ে লক্ষ্যভেদ করেন।  

১৫ জুন গ্রিসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে কলম্বিয়া। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ আইভরি কোস্ট ও জাপান।