ম্যারাডোনাকে আর দোষ দিচ্ছেন না শিলটন
ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম সফল গোলরক্ষক পিটার শিলটন। কিন্তু ফুটবলপ্রেমীদের স্মৃতিতে তাঁর সবচেয়ে বড় পরিচয় হয়ে আছে ১৯৮৬ বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার বিপক্ষে ওই দুটি গোল খাওয়া গোলরক্ষক হিসেবে। এ নিয়ে আক্ষেপ আছে শিলটনের। ফিফা ডটকমের সঙ্গে দীর্ঘ সাক্ষাৎকারে সেটি জানিয়েছেন অকপটে। সঙ্গে ’৯০-র বিশ্বকাপের সেমি-ফাইনাল যাত্রা, আর ব্রাজিল বিশ্বকাপে উত্তরসূরিদের সম্ভাবনা নিয়েও কথা বলেছেন শিলটন।
প্রশ্ন: বিশ্বকাপে আপনি প্রথম খেলেন ১৯৮২ সালে। স্পেনের ওই আসরের কোন স্মৃতিটা মনে পড়ে?
শিলটন: বিশ্বকাপটা আমার ভালোই কেটেছিল। পাঁচ ম্যাচের মধ্যে আমার জালে গিয়েছিল মাত্র একটি গোল। তারপর টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব থেকে আমাদের বিদায় নিতে হয়। ব্যাপারটি তীব্র হতাশার ছিল; অদ্ভুতুড়েও। কারণ একটি ম্যাচ না হেরেও ইংল্যান্ডের বিশ্বকাপ শেষ হয়ে যায়। এরপর ১৯৮৬ বিশ্বকাপের সেই ‘হ্যান্ড অব গড’ কাণ্ড। আর ইতালিয়া ’৯০-তে টাইব্রেকারে ভাগ্যকে একটু পাশে পাওয়া প্রয়োজন ছিল। সব মিলিয়ে আমার বিশ্বকাপ রেকর্ড ভালোই। ম্যাচপ্রতি কম গোল খাওয়ার রেকর্ডটা ফাবিয়ান বার্থেজের। ডিয়েগো ম্যারাডোনা ’৮৬-তে অমনটা না করলে রেকর্ডটি আমার হতে পারত। তবে আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় হতাশা ১৯৭৩ সাল নিয়ে, যখন আমরা পরের বছরের বিশ্বকাপের জন্য বাছাইপর্ব পেরোতে পারিনি। ক্যারিয়ারের ওই পর্যায়ে বিশ্বকাপে খেলতে না পারা এবং সেই সুযোগের জন্য আরো আট বছর অপেক্ষাটা ছিল বড় এক ধাক্কা।
প্রশ্ন: ‘হ্যান্ড অব গড’-এর প্রসঙ্গে একটু যদি ফিরে যান। ফুটবল ইতিহাসের এমন এক ঘটনার সঙ্গে আপনার নাম জড়িয়ে থাকার অনুভূতিটা কেমন?
শিলটন: গোলরক্ষক হিসেবে সফল এক ক্যারিয়ার কাটিয়েছি আমি। এরপরও ওই ম্যাচটির জন্য ভুল কারণে বারবার আসি আলোচনায়। এ নিয়ে বিশ্বের নানা প্রান্তে গিয়ে আমাকে কথা বলতে হয়। একদিক দিয়ে হিসেব করলে এটি তো হতাশারই। কারণ আমার সফল ক্যারিয়ারের চেয়েও লোকে যেন ওই ‘হ্যান্ড অব গড’-এর ঘটনাটিই বেশি করে মনে রেখেছে।
প্রশ্ন: গোলটি কিভাবে হল, সেই ছবিটা কি এখনো চোখে ভাসে? নাকি গত ২৮ বছরে টিভিতে অসংখ্যবার ওই ঘটনাটি দেখতে দেখতে স্মৃতি কিছুটা ঝাপসা হয়ে এসেছে?
শিলটন: না, না, সেটি হয়নি। ম্যারাডোনা বুঝতে পেরেছিল, ও বলের কাছে পৌঁছতে পারবে না। ও তাই সুযোগটা নিয়েছিল। এমন পরিস্থিতিতে সবাই ঠিক সিদ্ধান্তের জন্য রেফারি-লাইন্সম্যানের দিকে তাকিয়ে থাকে। ওই পরিস্থিতিতে ম্যারাডোনার হ্যান্ড বলের জন্য আমাদের পক্ষে ফ্রি-কিকের বাঁশি বাজালে সেটি হত ঠিক সিদ্ধান্ত। তা হয়নি। সেটি ছিল ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল। কেন না, তখন পর্যন্ত স্কোরলাইন ছিল গোলশূন্য। ওই মুহূর্তে ইংল্যান্ড দল এবং পুরো দেশই আসলে প্রতারণার শিকার হয়েছিল বলে আমি মনে করি।
প্রশ্ন: ওই ঘটনাটি আপনার ও ম্যারাডোনার মধ্যে দীর্ঘ এক বিরোধের জন্ম দেয়...
শিলটন: আসলে ম্যাচ শেষে ওর প্রতিক্রিয়াটাই পুরো ব্যাপারটা তিক্ত করে তোলে। ভেবেছিলাম, খেলা শেষে এসে ও বলবে, ‘দুঃখিত, আমি আসলে পার পেয়ে গেছি। কারণ সেটি অফিসিয়ালদের চোখ এড়িয়ে গেছে।’ কিন্তু এই কাজটি ম্যারাডোনা করেনি। নিজের হাত দিয়ে যে গোল দিয়েছিল, এই সাম্প্রতিক সময়ে এসে কেবল সেটি ও স্বীকার করল। দেখুন, ফুটবলে এসব ঘটনা ঘটেই। রেফারি ভুল করেন, লাইন্সম্যান ভুল করেন। আমি ম্যারাডোনাকে দোষ দিচ্ছি না। কারণ বিশ্ব ইতিহাসের অন্যতম সেরা স্পোর্টসম্যান গ্যারি লিনেকারও বলেছে যে, হাত দিয়ে গোল করার সুযোগটি সেও নিত। স্ট্রাইকাররা এমনটি করেই থাকে। ম্যারাডোনার খেলা শেষের প্রতিক্রিয়াতেই পুরো ব্যাপারটি তিক্ততায় পরিণত হয়।
প্রশ্ন: আর ম্যারাডোনার দ্বিতীয় গোল নিয়ে কী বলবেন? ওকে নিজেদের অর্ধে বল ধরতে দেখে নিশ্চয়ই খুব একটা উদ্বিগ্ন আপনি হননি?
প্রশ্ন: চার বছর পরের আসরেও কি ওই ম্যাচটি আপনাদের তাড়িয়ে বেড়াচ্ছিল?
শিলটন: অবশ্যই। আমার জন্য বিশ্বকাপে সেটি ছিল শেষ সুযোগ। বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণের জন্য সম্ভাব্য সব কিছুই করতে চাইছিলাম তাই। মিসরের বিপক্ষে ম্যাচটির কথা মনে পড়ছে। গোলশূন্য থাকা অবস্থায় ওরা দুর্দান্ত এক সুযোগ পায়। সেটি কাজে লাগাতে পারলে আমরা হয়তো বাড়ির ফিরতি পথ ধরতাম। ভাগ্যের সহায়তা পেয়েছিলাম তখন; যেমনটা পেয়েছিলাম ক্যামেরুনের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালেও। কিন্তু সেমি-ফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে এসে ভাগ্যের ভাণ্ডার গেল ফুরিয়ে।
প্রশ্ন: আপনাদের নকআউট পর্বের তিনটি ম্যাচই গিয়েছিল অতিরিক্ত সময়ে। সেমি-ফাইনালে এসে ক্লান্তি কি আপনাদের ওপর জেঁকে বসেছিল?
শিলটন: আমার তা মনে হয় না। জার্মানদের বিপক্ষে আমি যতদিন খেলেছি, তার মধ্যে ওই প্রথমবার ওদের আমি কোণঠাসা অবস্থায় দেখেছি। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে দেখেছি যে, ওরা খেলছে টাইব্রেকারের জন্য। পেনাল্টি নেওয়ায় জার্মানদের দক্ষতা ও মানসিকতা আগে থেকেই প্রমাণিত। টাইব্রেকারে নিখুঁত দক্ষতায় রকেট গতিতে প্রতিটি শট জার্মানরা পাঠিয়ে দেয় জালে। এসব ক্ষেত্রে ভাগ্যের কিছুটা সহায়তা লাগে। সেটি আমরা পাইনি। ওদিকে আমাদের স্টুয়ার্ট পিয়ার্স শটটি নেয় জার্মান গোলরক্ষকের সোজাসুজি আর ক্রিস ওয়াডেল মেরে দেয় বারের বাইরে।
প্রশ্ন: নটিংহাম ফরেস্টের হয়ে দুটো ইউরোপিয়ান কাপ জিতেছিলেন। সুযোগ থাকলে কি সেটির সঙ্গে একটি বিশ্বকাপ জয় বদলাতে চাইতেন?
শিলটন: হ্যাঁ, অবশ্যই। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ের পর দেশের বাইরে গিয়ে আরেকটি ট্রফি জেতাটা হত সাফল্যের শেষ কথা। কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেও আমরা সেটি পারিনি। বিশ্বকাপ আসলে একটাই আর সেটি হয় প্রতি চার বছর পর পর। সে কারণেই ও জেতা কখনোই সহজ না।
প্রশ্ন: ১৯৬৬ সালের পর ইংল্যান্ডে সফলতম দলের অংশ আপনি। এটিকে কি ক্যারিয়ারের হাইলাইট বলবেন?
শিলটন: সেমি-ফাইনালে কখনোই আপনি হারতে চাইবেন না। তবে ’৯০-র বিশ্বকাপ শেষে দেশে ফিরে দেখি বিমানবন্দরে হাজারো সমর্থক। তাদের প্রতিক্রিয়া দেখে আমরা বিস্মিত হয়ে যাই। পুরো দেশ আমাদের পারফরম্যান্সে গর্বিত হয়েছিল। তখন আমরা একে অন্যের দিকে তাকিয়ে কেবল ভাবছিলাম, ‘যদি আমরা বিশ্বকাপ জিতে ফিরতে পারতাম, তাহলে আজ কী হত?’ কিন্তু আপনি তো আর ইতিহাস বদলাতে পারবে না। অন্য দেশে গিয়ে সেটি ছিল বিশ্বকাপে আমাদের সেরা সাফল্য। আশা করছি, ছেলেরা এবার সেটিকে ছাড়িয়ে যাবে।
প্রশ্ন: ব্রাজিলে ইংল্যান্ডের সম্ভাবনা নিয়ে আপনি কি আশাবাদী?
শিলটন: অবশ্যই আশাবাদী। তবে এই প্রথমবারের মতো আমি শতভাগ নিশ্চিত নই যে, দলটি কত দূর যেতে পারবে। রয় হজসন দলে অনেক পরিবর্তন এনেছেন। সুযোগ দিয়েছেন অনেক তরুণ ফুটবলারকে। আর দক্ষিণ আমেরিকার কন্ডিশনের সঙ্গেও আমরা ঠিক অভ্যস্ত নই।
প্রশ্ন: ইতালি, উরুগুয়ে ও কোস্টা রিকার সঙ্গে যে গ্রুপে ইংল্যান্ড পড়েছে, সেটি নিয়ে আপনার মূল্যায়ন কী রকম?
শিলটন: এক দিক দিয়ে ভালোই হয়েছে বলব। কারণ এখন আমরা জানি, শুরু থেকেই আমাদের সেরা ফর্মে থাকতে হবে। ইতালির বিপক্ষে খেলা মানউসে। সেখানকার কন্ডিশন এই বিশ্বকাপের সবচেয়ে কঠিন। তো এমন একটা ম্যাচ শুরুতে হয়ে যাওয়াই ভালো। কেননা দ্বিতীয় বা তৃতীয় ম্যাচের চেয়ে তখন আপনি অনেক বেশি সজীব থাকেন। আর ইতালির শুরুটা তো বরাবরই একটু ধীরগতিতে হয়। এটিও আমাদের সুযোগ দেবে।
প্রশ্ন: বিশ্বকাপে এমন কোনো গোলরক্ষক কি আছেন, যার খেলা দেখার জন্য আপনি মুখিয়ে?
শিলটন: (জানলুইজি) বুফ্ফনের আমি বড় ভক্ত। তবে আশা করব, আমাদের বিপক্ষে প্রথম ম্যাচে ও যেন ভালো না করে। আমি মনে করি, গোলরক্ষকদের বিচারের জন্য বিশ্বকাপ সবচেয়ে ভালো জায়গা। চিলির ক্লদিও ব্রাভোকে (২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েম্বলির প্রীতি ম্যাচে) দেখে মনে হয়েছে আন্তর্জাতিক দলের আউটফিল্ড প্লেয়ারের মতো। ও ৩০-৪০ গজ দূরে মিডফিল্ডে পাস দিচ্ছিল। এখন দেখতে চাই, বিশ্বকাপেও এই আত্মবিশ্বাস ও দেখাতে পারে কিনা।
