২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালির প্রীতি ম্যাচে ছিটকে গেলেন মন্তোলিভো

বিশ্বকাপের প্রস্তুতিপর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে এক প্রীতি ম্যাচে গোলশূন্য ড্র পাশাপাশি ইতালি শিবিরে যোগ হয়েছে আরেকটি হতাশা। পা ভেঙ্গে যাওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন মিডফিল্ডার রিকার্দো মন্তোলিভো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2014, 01:54 PM

Updated : 13 Oct 2022, 12:10 PM

লন্ডনের ক্র্যাভেন কটেজে শনিবার ম্যাচের অষ্টম মিনিটের মাথায় প্রতিপক্ষের ডিফেন্ডার অ্যালেক্স পিয়ার্সের সঙ্গে ধাক্কা লেগে বাঁ-পায়ে প্রচন্ড আঘাত পান এসি মিলানের মিডফিল্ডার মন্তোলিভো। স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি। ম্যাচ শেষে তার বাঁ-পা ভেঙে গেছে বলে জানান ইতালি দলের চিকিৎসক।

মন্তোলিভোর পায়ে অস্ত্রোপচার করাতে হবে বলেও জানিয়েছেন ওই চিকিৎসক। তবে পুরোপুরি সেরে উঠতে তার কতদিন লাগবে তা জানাননি তিনি। ফলে আগামী ১২ জুন শুরু হতে যাওয়া ব্রাজিল বিশ্বকাপে তার খেলার কোনো সম্ভাবনাই নেই।

এদিন মন্তোলিভোর চোটের পাশাপাশি ইতালির পারফরম্যান্সও হতাশ করেছে সমর্থকদের। পুরো ম্যাচে তাদের খেলায় ছন্দের বড্ড অভাব ছিল।

হারতেও পারতো চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে শেষের দিকে আয়ারল্যান্ডের বদলি খেলোয়াড় স্টিফেন কুইনের একটি শট ক্রসবারে বাধা পেলে বেঁচে যায় ইতালি।

তবে ইতালি শিবিরে একটা স্বস্তির খবর অবশ্য আছে, হাঁটুর চোট থেকে ফিরে এই ম্যাচে ৭০ মিনিট খেলেছেন ফিওরেন্তিনার স্ট্রাইকার জুজেপ্পে রস্সি। 

১৪ জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে নামবে ইতালি। ‘ডি’ গ্রুপে ২০০৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির অন্য দুই প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টা রিকা।