২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়ে ক্রোয়েশিয়ার বিশ্বকাপ প্রস্তুতি শুরু

মিডফিল্ডার ইভান পেরিসিচের জোড়া গোলে ব্রাজিল বিশ্বকাপের প্রস্তুতির শুরুটা ভালোই হলো ক্রোয়েশিয়ার। শনিবার এক প্রীতি ম্যাচে মালিকে ২-১ গোলে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2014, 11:07 PM

Updated : 13 Oct 2022, 12:09 PM

দেশের মাঠ স্তাদিও গ্রাদস্কিতে স্বাগতিকদের খেলায় তেমন ছন্দ না থাকলেও ১৫তম মিনিটে দেশকে এগিয়ে নেন জার্মানির ক্লাব ভলফসবুর্গের পেরিসিচ। ৬৩তম মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন পেরিসিচ।

৭০তম মিনিটে স্ট্রাইকার ম্যাডি দিয়ারা ব্যাবধান কমালে ক্রোয়েশিয়ার কোচ নিকো কোভাচের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে। তবে শেষপর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে এবারের বিশ্বকাপে ‘এ’ গ্রুপের দলটি।

১২ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের বিপক্ষে খেলবে ক্রোয়েশিয়া। তাদের গ্রুপের অন্য দুই দল মেক্সিকো ও ক্যামেরুন।

এদিকে, দিনের আরেক প্রীতি ম্যাচে নরওয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রাশিয়া। বিশ্বকাপে 'এইচ' গ্রুপে রাশিয়ার তিন প্রতিপক্ষ বেলজিয়াম, আলজেরিয়া ও দক্ষিণ কোরিয়া।