২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুয়ারেসকে পাওয়ার আকুলতা ফোরলানের

লুইস সুয়ারেসকে ছাড়া ব্রাজিল বিশ্বকাপে পা রাখার কথা ভাবতেই পারছে না উরুগুয়ে দল। কোচ অস্কার তাবারেসের পর এবার দিয়েগো ফোরলানের কণ্ঠেও বিশ্বকাপে সুয়ারেসকে পাওয়ার আকুলতা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2014, 04:24 PM

Updated : 13 Oct 2022, 12:09 PM

লিভারপুলের ফরোয়ার্ড সুয়ারেস হাঁটুর চোটে ভুগছেন। তার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। এ নিয়ে মহা দুশ্চিন্তায় পড়েছে উরুগুয়ে দল। উরুগুয়ের মানুষ, কোচ আর সহ খেলোয়াড়রা সুয়ারেসকে ফিরে পেতে রীতিমতো প্রার্থনা করে যাচ্ছেন।

যাকে ছাড়িয়ে সম্প্রতি সুয়ারেস উরুগুয়ের সবচেয়ে বেশি গোলের মালিক হয়েছেন, সেই ফোরলানও সতীর্থকে ফিরে পেতে মরিয়া।

“আমি চাই, বিশ্বকাপের জন্য পুরো দলই সুস্থ্ ও প্রস্তুত থাকুক। এ কারণেই চাই লুইস ফিরে আসুক এবং বিশ্বকাপের জন্য প্রস্তুত থাকুক।”

অস্ত্রোপচারের পর উরুগুয়ে কোচ বলেছিলেন, যেকোনো মূল্যে তিনি সুয়ারেসকে দলে চান। সুয়ারেসও যেকোনো মূল্যে বিশ্বকাপে খেলার আশাবাদের কথাটা জানান।

গত বিশ্বকাপে ‘গোল্ডেন সু’ জয়ী ফোরলান যেন সবার কথাই তুলে ধরলেন তার কণ্ঠে।

“এক সপ্তাহ ধরে তাকে আমরা দেখি না। তাকে আবার দেখাটা হবে দারুণ। সে বলেছে, এখন ভালো অবস্থায়ই আছে এবং চিকিৎসা খুব ভালোভাবে চলছে। সবাই চাইছে, সে প্রস্তুত হয়ে উঠুক।”