বসনিয়ার জয়ে উজ্জ্বল জেকো
ম্যানচেস্টার সিটিতে ভালো খেলার ধারাটা জাতীয় দলেও অব্যাহত আছে এদিন জেকোর। তার জোড়া গোলেই দিদিয়ের দ্রগবার শততম ম্যাচে আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারিয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা।
বসনিয়া-হার্জেগোভিনা আর আইভরি কোস্ট, দুই দলই এবারের বিশ্বকাপে থাকায় শুক্রবার যুক্তরাষ্ট্রের মিজোরিতে তাদের প্রীতি ম্যাচে চোখ ছিল অনেকেরই।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে আফ্রিকার সর্বোচ্চ র্যাঙ্কিংয়ের দল আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যায় বসনিয়া।
ভিস্কার নেয়া শট ফিরিয়ে দিয়েছিলেন আইভরি কোস্টের গোলরক্ষক। ফিরে আসা বল জালে জড়িয়েছেন বসনিয়ার হয়ে সবচেয়ে বেশি গোল করা জেকো।
৫৩তম মিনিটে মিরালেম পিয়ানিচের দ্রুত গতির পাস অসাধারণ দক্ষতায় নিয়ন্ত্রণ করে দারুণ এক ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন জেকো।
বিশ্বকাপের আগে দলের প্রস্তুতিটা রঙিন করতে না পারলেও আইভরি কোস্টের হয়ে নিজের শততম ম্যাচে গোল পেয়েছেন দিদিয়ের দ্রগবা। ৬৪তম মিনিটে ব্যবধান কমানো গোলটি তিনি করেন ফ্রি-কিক থেকে।
