স্পেনের জয়ে তোরেসের গোল
ফের্নান্দো তোরেসের বিশ্বকাপের স্পেন দলে টিকে থাকার সম্ভাবনা বাড়লো। বলিভিয়ার সঙ্গে প্রীতি ম্যাচে ভালো খেলার পর কোচ ভিসেন্তে দেল বস্ক চেলসির এই ফরোয়ার্ডকে চূড়ান্ত দলে রাখার আভাস দিয়েছেন। বলিভিয়ার বিপক্ষে স্পেনের ২-০ ব্যবধানের জয়ে পেনাল্টি থেকে একটি গোল করেছেন তোরেস।
গোল করার পর তরেসের উদযাপন। ছবি: রয়টার্স।
ম্যাচ শেষে তোরসের বিশ্বকাপ দলে থাকা নিয়ে ইতিবাচক কথাই বলেছেন দেল বস্ক, “ওর আমার অনেক আস্থা আছে বলেই ও এখানে আছে।”
ব্রাজিল বিশ্বকাপের জন্য শনিবার ২৩ সদস্যের চূড়ান্ত দল দেয়ার কথা স্পেন কোচের।
শুক্রবার স্পেনের শহর সেভিয়েতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে স্পেন। আন্দ্রেস ইনিয়েস্তা আর তোরেসরা একের পর এক আক্রমণে ত্রস্ত করে রাখে বলিভিয়ার রক্ষণকে।
তোরেসর দুর্দান্ত শট অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন বলিভিয়া গোলরক্ষক। এ ছাড়া গোলের সুযোগ নষ্ট করেছেন ইনিয়েস্তাও। সব মিলিয়ে ভালো খেলেও প্রথমার্ধে শূন্য হাতে মাঠ ছাড়ে স্পেন।
দ্বিতীয়ার্ধে অবশ্য আক্রমণাত্মক ফুটবলের ফল পায় স্পেন। ৫১তম মিনিটে তোরেস পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন দলকে। স্পেনের হয়ে ১০৭টি ম্যাচ খেলে ৩৭তম গোল পেলেন ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড।
গোল করার ১০ মিনিট পর স্যার্হিও বুসকেতসকে জায়গা করে দিতে মাঠ ছাড়তে হয় তোরেসকে। বুসকেতস এসেও ভালো কিছু আক্রমণের নেতৃত্ব দেন। তবে স্পেনের পক্ষে ব্যবধান দ্বিগুণ করেন ইনিয়েস্তা। ম্যাচ জুড়েই ভালো খেলা বার্সেলোনার এই মিডফিল্ডার গোল পেয়েছেন ৮৪তম মিনিটে।
