সুয়ারেসকে ছাড়াই জিতল উরুগুয়ে
লুইস সুয়ারেসের নিখুঁত স্পর্শের অভাব খুব করে অনুভব করেছে উরুগুয়ে। তবে প্রীতি ম্যাচে নর্দান আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারানোয় বিশ্বকাপের প্রস্তুতিটা ভালোমতোই হলো অস্কার তাবারেসের দলের।
শুক্রবার সেন্তেনারিওতে ম্যাচের শুরু থেকেই ভালো ফুটবল উপহার দেয় স্বাগতিক উরুগুয়ে। তবে উত্তর আয়ারল্যান্ডের গোলরক্ষক রয় ক্যারলের অসাধারণ দক্ষতা এবং গোলের সামনে এদিনসন কাভানি, দিয়েগো ফোরলানদের নিখুঁত স্পর্শের অভাবে বড় জয় পায়নি তারা।
১৯৩০ বিশ্বকাপের চ্যাম্পিয়নদের গোলের জন্য ম্যাচের ৬২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। ঘরের মাঠে উরুগুয়ের বিশ্বকাপ প্রস্তুতি পর্ব মধুর করে তোলেন বদলি খেলোয়াড় ক্রিস্তিয়ান স্তুয়ানি।
শুধু এই ম্যাচই নয়, দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা সুয়ারেসের চোট নিয়ে অস্বস্তিতে থাকবে বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত। হাঁটুর অস্ত্রোপচার করানো লিভারপুলের এই ফরোয়ার্ডকে বিশ্বকাপে পাওয়ার সম্ভাবনা পঞ্চাশ-পঞ্চাশ।
সোমবার ২৩ সদস্যের চূড়ান্ত দল দেয়ার শেষ দিন। কোচ অস্কার তাবারেস হয়ত সুয়ারেসকে এই দলে রাখবেন। তার আশা, উরুগুয়ে চূড়ান্ত লড়াইয়ে নামার আগেই পুরোপুরি 'ফিট' হয়ে উঠবেন তার সেরা তারকা। সুয়ারেসও বিশ্বকাপ খেলতে মরিয়া।
ব্রাজিল বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে উরুগুয়ে। ১৪ জুন কোস্টা রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। ‘ডি’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ইতালি।
