২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনের বন্ধুদের মেসির ঈর্ষা

বার্সেলোনার জার্সিতে ঢের শিরোপা জিতেছেন লিওনেল মেসি। ক্যাম্প নউতে মধ্যমণিও আর্জেন্টিনার এই তারকা। কিন্তু একটা জায়গায় চাভি, ইনিয়েস্তাদের রীতিমত ঈর্ষা করেন মেসি। কারণ তাদের মতো বিশ্বকাপ যে এখনও জিততে পারেননি তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2014, 07:31 PM

Updated : 13 Oct 2022, 12:09 PM

মেসি বলেন, “স্পেনের বন্ধুদের আমি ঈর্ষা করি, ওদের মতো আমিও যদি এই প্রতিযোগিতাটা আগেভাগেই জিততাম।”

২০০৪ সাল থেকে বার্সেলোনার হয়ে মূল প্রতিযোগিতামূলক ফুটবলে পা রাখার পর থেকে ক্লাবটির হয়ে ছয়টি লিগ ও তিনটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ২১টি শিরোপা জিতেছেন মেসি। ২৬ বছর বয়সেই গড়েছেন টানা চারবার ফিফা বর্ষসেরা খেলোয়াড় হওয়ার রেকর্ড। কিন্তু এত এত পুরস্কারের মাঝেও দেশের হয়ে দুইবার বিশ্বকাপে অংশ নিয়েও শিরোপা না জেতার শূন্যতাটা রয়েই গেছে।

চাভি হের্নান্দেস, আন্দ্রেস ইনিয়েস্তাদের দিকে তাকালে মেসির ওই হতাশাটা যেন আরো বেড়ে যায়। জাতীয় দলের হয়ে বিশ্বকাপসহ মহাদেশ সেরার খেতাব ইউরোও জিতেছেন স্পেনের ওই খেলোয়াড়েরা। অন্য দিকে, দেশের হয়ে এখন পর্যন্ত বড় কোনো শিরোপাই জিততে পারেননি মেসি।

তাই ব্রাজিলেই এবার বিশ্বকাপ জিতে অপূর্ণতাটা ঘোচাতে চান মেসি। ১৫ জুন বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচ দিয়ে ওই স্বপ্নপূরণের পথে যাত্রা শুরু করবে মেসির আর্জেন্টিনা। ‘এফ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ইরান ও নাইজেরিয়া।