২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের জায়গা নিশ্চিত ভাবছেন না মার্সেলো

এই বিশ্বকাপে ব্রাজিলের অন্যতম সেরা খেলোয়াড় মার্সেলো। এর পরও বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে শুরুর একাদশে নিজের জায়গা পাকা বলে মনে করেন না রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2014, 11:40 AM

Updated : 13 Oct 2022, 12:09 PM

২০১২ সালের নভেম্বরে লুই ফেলিপে স্কলারি আবার ব্রাজিলের দায়িত্ব নেয়ার পর দলে মার্সেলো ধারাবাহিক। কিন্তু লেফট-ব্যাকে তার প্রতিদ্বন্দ্বী পিএসজির ম্যাক্সওয়েলের প্রতি শ্রদ্ধাবোধ আছে ২৫ বছর বয়সী এই তারকার।

“আমি মনে করি না, আমি নিশ্চিত। এটা বললে ম্যাক্সওয়েলের জন্য বিষয়টি অপমানকরই হবে।”

স্কলারির শুরুর একাদশ নিয়ে অনেকেই প্রায় নিশ্চিত। তবে রিও দে জেনেইরোর বাইরে দলের অনুশীলন ক্যাম্পে বৃহস্পতিবার মার্সেলো বলেন, দলে থাকতে হলে সবাইকেই লড়াই করতে হবে।

“আমরা সবাই একই অবস্থায় আছি। দলে জায়গা পাওয়ার জন্য লড়াই করছি। আমি খেলতে চাই, সেও খেলতে চায় এবং আমরা এখানে এসেছি দলকে সাহায্য করতে। জায়গা নিয়ে আমিও স্বস্তিতে নেই।”

স্কলারির শুরুর একাদশ বলতে গেলে প্রতিষ্ঠিতই। গত বছরের কনফেডারেশন্স কাপে যে দলটিকে তিনি শুরুর একাদশে খেলিয়েছেন, ঘরের মাঠের বিশ্বকাপে সেই দলটির ওপর তিনি ভরসা রাখবেন বলে মনে করেন অনেকে। ৫ ম্যাচের সবকটি জিতে কনফেডারেশন্স কাপের শিরোপা জিতেছিল ব্রাজিল।

জুলিও সিজার, দানি আলভেস, চিয়াগো সিলভা, দাভিদ লুইস, মার্সেলো, লুইস গুস্তাভো, পলিনিয়ো, অস্কার, হাল্ক, নেইমার ও ফ্রেড—এই হচ্ছে স্কলারির সেই একাদশ। বৃহস্পতিবার অনুশীলনে এই দলটিকেই তিনি খেলিয়েছেন অবশিষ্ট একাদশের সঙ্গে।

সেই অনুশীলন ম্যাচ শেষে ইন্টার মিলানের মিডফিল্ডার হের্নানেস বললেন, শুরুর একাদশে জায়গা করে নেয়ার লড়াইটা বেশ কঠিন।

“আমরা জানি দলটি প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং এক সঙ্গে বেশ ভালো খেলছে। দলে জায়গা পাওয়া খুব কঠিন, কারণ সত্যিই তারা মানিয়ে নিয়েছে।”

১২ জুন সাও পাওলোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরু হবে। ‘এ’ গ্রুপে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের পরের দুটি ম্যাচ মেক্সিকো ও ক্যামেরুনের বিপক্ষে।