আবার জয়ে ফিরেছে ব্রাদার্স
জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব শেষ করল ব্রাদার্স ইউনিয়ন। ১০ জনের টিম বিজেএমসিকে ২-১ গোলে হারিয়েছে তারা।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৭ মিনিটে নাইজেরিয়ার মিডফিল্ডার উচে ফেলিক্সের দুর্দান্ত গোলে এগিয়ে যায় ব্রাদার্স।
দ্বিতীয়ার্ধের শুরুতে গোলরক্ষক আরিফুজ্জামান হিমেল বক্সের বাইরে এসে বল ধরায় রেফারি ভরত চদ্র তাকে সরাসরি লাল কার্ড দেখান।
দশ জনের দলে পরিণত হওয়া বিজেএমসি এরপর আর খেলায় ফিরতে পারেনি।
৮৫তম মিনিটে রুবেল মিয়া ব্যবধান দ্বিগুণ করেন। মাঝমাঠ থেকে বল পেয়ে তিন ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে গোল করেন ব্রাদার্সের এই স্ট্রাইকার।
ম্যাচের শেষ মিনিটে নাইজেরিয়ার মিডফিল্ডার স্যামসন ইলিয়াসুর গোলে ব্যবধান কমায় বিজেএমসি।
১৮ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ব্রাদার্স। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে বিজেএমসির অবস্থান ষষ্ঠ স্থানে।
