২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুফ্ফনের লক্ষ্য শেষ আট

চার চারটি বিশ্বকাপ জিতেছে ইতালি। কিন্তু ব্রাজিল বিশ্বকাপে ফেভারিটদের তালিকায় নেই চেজারে প্রানদেল্লির দল। এবারের বিশ্বকাপে লক্ষ্যটাও খুব বড় নয় তাদের। কোয়ার্টার-ফাইনালে যেতে পারলেই খুশি ইতালির গোলরক্ষক জানলুইজি বুফ্ফন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2014, 05:55 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

২০০৬ বিশ্বকাপজয়ী দলের সদস্য বুফ্ফন বুধবার সংবাদ সম্মেলনে বলেন, “যে ম্যাচগুলোতে আমরা ফেভারিট নই, সেগুলোতে মাঝেমধ্যে হয়তো বিস্ময় উপহার দিতে পারব আমরা। তবে কোয়ার্টার-ফাইনালে যেতে পারলেই, আমাদের বিশ্বকাপ অভিযানকে ভালো ধরে নিতে হবে।”

জুভেন্টাসের অভিজ্ঞ গোলরক্ষক জানেন, ব্রাজিল বিশ্বকাপে ভালো কিছু পেতে হলে বেশ কিছু শক্ত প্রতিপক্ষকে অতিক্রম করে যেতে হবে তাদের। তবে এবারের বিশ্বকাপে ইতালি ফেভারিট না হলেও, দলটিকে বেশ পরিণতই মনে করেন তিনি।

এর আগে ইতালির কোচ চেজারে প্রানদেল্লিও নিজের দলকে নিয়ে বড় স্বপ্ন না দেখার কথা বলেছিলেন।

এবারের বিশ্বকাপের দলগুলো বিশ্লেষণ করে বুফ্ফন নিজেদের দ্বিতীয় সারিতেই রেখেছেন।

“স্পেন, আর্জেন্টিনা, ব্রাজিল আর জার্মানি আমাদের চেয়ে এক ধাপ এগিয়ে, তারা ফেভারিট। আমরা এদের পেছনে।”

তার মতে ফ্রান্স ও বেলজিয়ামও সেমি-ফাইনালে ওঠার মতো দল।

ব্রাজিল বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে ইতালির তিন প্রতিপক্ষ ইংল্যান্ড, উরুগুয়ে ও কোস্টারিকা।