২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লাংকোর বিদায়ী ম্যাচে জিতল মেক্সিকো

মেক্সিকোর বিশ্বকাপ প্রস্তুতির শুভসূচনায় স্মরণীয় হয়ে থাকল কুয়াওতেমক ব্লাংকোর বিদায়। ইসরায়েলকে প্রীতি ম্যাচে ৩-০ গোলে হারিয়েছে মেক্সিকো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2014, 04:04 PM

Updated : 13 Oct 2022, 12:09 PM

বুধবার মেক্সিকো সিটির ১ লাখ ৫ হজার ধারণক্ষমতার আসতেকা স্টেডিয়াম প্রায় পূর্ণ হয়ে গিয়েছিল। ব্রাজিল বিশ্বকাপের আগে ইসরায়েলের বিপক্ষে প্রীতি ম্যাচটি হয়ে উঠেছিল ব্লাংকোর বিদায়ময়।

মেক্সিকোর সমর্থকরা তাদের ফুটবল ইতিহাসের অন্যতম নায়ককে বিদায় দিয়েছে বীরের মতো। ৩৮ মিনিট মাঠে ছিলেন ব্লাংকো, বলে তার প্রতিটি স্পর্শ হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছেন সমর্থকরা।

মেক্সিকোর হয়ে তিনটি বিশ্বকাপ খেলা ব্লাংকোও সমর্থকদের বিনোদন দিয়েছেন। সমর্থকরা সবচেয়ে খুশি হয়েছে তার ‘ট্রেডমার্ক’ ব্যাকহিল দেখে। অসাধারণ ব্যাক হিলে এদিন তিনটি পাস দিয়েছেন তিনি।  

রাউল হিমিনেসকে সুযোগ দিয়ে মাঠ ছাড়েন ব্লাংকো। বিরতির সময় আবার ফিরে এসে ‘ল্যাপ অব অনার’ দেন তিনি। সমর্থকরাও উঠে দাঁড়িয়ে সম্মান জানায় তাকে।

মেক্সিকো ৩টি গোলই পায় ব্লাংকো মাঠ ছাড়ার পর। ডিফেন্ডার মিগেল লাউন ৪২তম ও ৬২তম মিনিটে দুটি গোল করেন।

এর পর ৮৫ মিনিটে দলের শেষ গোলটি করেন মার্কো ফাবিয়ান। 

বিশ্বকাপের আগে নিজেদের মাঠে এটিই ছিল মেক্সিকোর শেষ প্রস্তুতি ম্যাচ। এর পর যুক্তরাষ্ট্রে তারা ইকুয়েডর, বসনিয়া-হার্জেগভিনা ও পর্তুগালের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে।

বিশ্বকাপে ‘এ’ গ্রুপে মেক্সিকোর তিন প্রতিপক্ষ স্বাগতিক ব্রাজিল, ক্যামেরুন ও ক্রোয়েশিয়া।