'আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতবে ব্রাজিল'
এবারের ব্রাজিল বিশ্বকাপ নাকি পুরো ফুটবল বিশ্বে সবচেয়ে আকাঙ্খিত ফাইনালটিই উপহার দিতে যাচ্ছে। অনেক বিচার বিশ্লেষণ করে যুক্তরাষ্ট্রের ইনভেস্টমেন্ট ব্যাংক গোল্ডম্যান স্যাকস পূর্বাভাস করেছে, এবারই প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। আর তাতে জিতে শিরোপা ঘরে তুলবে স্বাগতিকরাই।
বিশ্লেষণ বলছে, ফাইনালে দুইবারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনাকে ৩-১ গোলে হারাবে ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল।
গোল্ডম্যানের চোখে ব্রাজিলের নিজেদের মাটিতে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ৪৮.৫ শতাংশ। এর পর বিশ্বকাপ জয়ের সম্ভাবনার দিক থেকে এগিয়ে আছে আর্জেন্টিনা ও জার্মানি। এই দুই দেশের সম্ভাবনা যথাক্রমে ১৪.১ ও ১১.৪ শতাংশ।
গত বিশ্বকাপেও গোল্ডম্যান স্যাকস পূর্বানুমান করেছিল। সেবারও তারা ব্রাজিলকেই সবচেয়ে এগিয়ে রেখেছিল। তবে কোয়ার্টার-ফাইনাল থেকেই বাদ পড়ে ব্রাজিল। সেবার শিরোপা জেতে গোল্ডম্যানের চোখে দ্বিতীয় ফেভারিট স্পেন।
