২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিল দলের বাসে হামলা

ব্রাজিলে বিশ্বকাপ বিরোধী বিক্ষোভ থেকে রেহাই পায়নি জাতীয় দলকে বহনকারী বাসও। অনুশীলন করতে যাওয়ার সময় দুই দফায় বিক্ষোভকারীদের হামলার মুখে পড়ে নেইমার, দানি আলভেসদের বহনকারী বাস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 11:08 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

রিও দে জেনেইরো থেকে বিশ্বকাপে ব্রাজিলের ঘাঁটি পার্বত্য শহর তেরেসোপলিসে যাওয়ার পথে সোমবার ধর্মঘটী শিক্ষকদের ছোট একটি গ্রুপ বাসে আক্রমণ করে। একশ’ কিলোমিটার দূরে তেরেসোপলিসে পৌঁছানোর পর সেখানেও প্রায় ৩০ জনের বিক্ষোভের মুখে পড়ে বাসটি। তারা বাসে লাথি ও ঘুষি মারে।

ধর্মঘটী এক শিক্ষক রুই কস্তা বলেন, “এই দেশের অগ্রাধিকার বিশ্বকাপ হওয়া উচিত নয়। স্বাস্থ্য, শিক্ষা, গৃহায়ণ ও গণ পরিবহণ অগ্রাধিকার পাওয়া উচিত।”"

ঐ এলাকায় ২০১১ সালে ভয়াবহ বন্যায় প্রায় এক হাজার মানুষ প্রাণ হারান। বিশ্বকাপের জন্য হাজার কোটি ডলার বরাদ্দ দেয়া হলেও তিন বছর আগে বন্যায় ক্ষতিগ্রস্থদের গৃহ নির্মাণে কোনো বরাদ্দ না দেয়ার বিষয়টি কতটা ন্যায্য সেই প্রশ্ন রাখছেন বিক্ষোভকারীরা।

সামাজিক খাতে ব্যয় কমিয়ে বিশ্বকাপ ফুটবল স্টেডিয়ামে বিনিয়োগ করায় গত বছর কনফেডারেশন্স কাপ দেশজুড়ে লাখো মানুষ নেমে এসেছিল রাস্তায়।

কোনো ম্যাচে এর প্রভাব না পড়লেও স্টেডিয়ামের বাইরে বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয়েছিল, ব্যবহার করা হয়েছিল টিয়ারগ্যাস।

স্থানীয় শিক্ষক অ্যাসোসিয়েশনের সমন্বয়ক আলেক্স ত্রিনতিনো জানান, তারা কেউ ব্রাজিলের বিপক্ষে নন। এটা স্বাস্থ্য ও শিক্ষার জন্য অর্থ নেই এমন একটি দেশের বিরুদ্ধে প্রতীকি কর্মসূচি।

আগামী ৩ জুন পানামা ও ৬ জুন সার্বিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। ১২ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।