ফরাসি ওপেনে লি নারও বিদায়
ফরাসি ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়লেন এ বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ ও মহিলা এককের দুই চ্যাম্পিয়ন স্তানিস্লাস ভাভরিঙ্কা ও লি না।
সোমবার ক্লে কোর্টের এই প্রতিযোগিতা থেকে বিদায় নেন সুইজারল্যান্ডের ভাভরিঙ্কা আর মঙ্গলবার হেরে গেলেন চীনের লি না। ফ্রান্সের ক্রিস্তিনা ম্লাদেনোভিকের কাছে ৭-৫, ৩-৬, ৬-১ গেমে হেরেছেন ২০১১ সালের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন লি না।
হেরে গেছেন মেয়েদের সাবেক এক নম্বর ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি। বেলজিয়ামের ইয়ানিনা ভিকমায়েরের কাছে ৭-৬, ৪-৬, ৬-২ গেমে হেরেছেন তিনি।
তবে জিতেছেন ষষ্ঠ বাছাই সার্বিয়ার ইয়েলেনা ইয়াঙ্কোভিচ ও চতুর্থ বাছাই রোমানিয়ার সিমোনা হালেপ।
এদিকে, ছেলেদের এককে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন দাভিদ ফেরার। পঞ্চম বাছাই স্পেনের ফেরার ৬-৪, ৬-৩, ৬-১ গেমে হারিয়েছেন নেদারল্যান্ডসের ইগর সিজলিংকে।
পুরুষ এককে আরো জিতেছেন ফ্রান্সের রিচার্ড গ্যাসকে।
